উত্তরের সেনা দক্ষিণে পালাতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার দলত্যাগী সেনা গুলিবিদ্ধ হয়ে এভাবেই পড়ে ছিলেন। ছবি: বিবিসির সৌজন্যে
উত্তর কোরিয়ার দলত্যাগী সেনা গুলিবিদ্ধ হয়ে এভাবেই পড়ে ছিলেন। ছবি: বিবিসির সৌজন্যে

উত্তর কোরিয়ার এক দলত্যাগী সেনা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন দক্ষিণ কোরিয়ার সীমানার দিকে। এই দেখে দুই কোরিয়ার সেনাদের মধ্যে শুরু হলো দৌড়াদৌড়ি। চকিতে সবাই অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নিয়ে নিল। ওদিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ল দুর্ঘটনায়, তা–ও আবার উত্তর কোরিয়ার সীমানার মধ্যে। সঙ্গে সঙ্গে নিজেদের সেনার দিকেই গুলি ছোড়া শুরু করে উত্তর কোরীয় সেনারা। আহত হয়ে ওই সেনা পড়ে যান দক্ষিণ কোরিয়ার সীমানায়।

বিবিসির খবরে বলা হয়েছে, দুই কোরিয়ার মধ্যবর্তী জয়েন্ট সিকিউরিটি এরিয়াতে (জেএসএ) গত ১৩ নভেম্বর এ ঘটনা ঘটেছে। উত্তর কোরিয়ার ওই দলত্যাগী সেনা এখন দক্ষিণ কোরিয়ার হেফাজতে আছেন। নিজের পক্ষের সেনাদের গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার সেনারা পরে তাঁকে উদ্ধার করেছে। তবে ওই দলত্যাগী সেনার নাম-পরিচয় জানানো হয়নি। সিসিটিভিতে ধারণ করা এ ঘটনার ভিডিও চিত্র এরই মধ্যে প্রকাশিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কীভাবে এক পক্ষ ত্যাগ করে সেনারা অন্য পক্ষে যোগ দেয় এবং এ ক্ষেত্রে দুই দেশের সেনারা কেমন প্রতিক্রিয়া দেখায় সেটি বোঝার জন্য এই একটি ভিডিও চিত্রই যথেষ্ট।

১৯৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল। এরপর থেকে একমাত্র জয়েন্ট সিকিউরিটি এরিয়াতেই দুই কোরিয়ার সেনারা পরস্পরের মুখোমুখি থাকে। এখানে সব সময় যুদ্ধবিরতি কার্যকর থাকে। পানমুনজম নামের একটি গ্রামে তৈরি করা হয়েছে জেএসএ। এই এলাকার মোট আয়তন ২৫০ কিলোমিটার।

দলত্যাগী সেনাকে গুলি করে উত্তর কোরিয়ার সেনারা। ছবি: রয়টার্স
দলত্যাগী সেনাকে গুলি করে উত্তর কোরিয়ার সেনারা। ছবি: রয়টার্স

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ওই দলত্যাগী সেনার গাড়ি দুর্ঘটনায় পড়ার পরপরই তাঁকে ঘিরে ধরেন উত্তর কোরিয়ার সেনারা। তিনি পালানোর চেষ্টা করলে তাঁর দিকে মুহুর্মুহু গুলি ছোড়া হতে থাকে। রাস্তায় কিছুটা দৌড়ালেও একসময় ওই সেনা লুটিয়ে পড়েন দক্ষিণ কোরিয়ার সীমানায়। অস্পষ্ট ভিডিও চিত্র দেখে মনে হয়েছে, ওই আহত সেনা যে ভবনের পাশে পড়ে ছিলেন, সেটি হলো দক্ষিণ কোরিয়া ফ্রিডম হাউস কমপ্লেক্স। তবে পাল্টা গুলি ছোড়েনি দক্ষিণ কোরিয়ার সেনারা।

জাতিসংঘের একটি দলও ওই এলাকায় দায়িত্ব পালন করে থাকে। তাঁরা বলেছেন, উত্তর কোরিয়ার সেনাদের গুলি ছোড়ার বিষয়টি যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং ১৯৫৩ সালের যুদ্ধের পর এই প্রথম প্রকাশ্যে জয়েন্ট সিকিউরিটি এরিয়াতে এমন ঘটনা ঘটল।

কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের জ্যেষ্ঠ গবেষক ইয়াং উক বলেন, ‘যুদ্ধবিরতি–সংক্রান্ত কমিটি যেন নিরাপদে আলোচনা করতে পারে, সে জন্যই জয়েন্ট সিকিউরিটি এরিয়া স্থাপন তৈরি করা হয়েছিল। এখানেই দুই দেশের সেনাবাহিনী একসঙ্গে কাজ করে।’

এ ব্যাপারে আজ বুধবার আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে সংস্থাটি। জাতিসংঘ বলছে, ওই এলাকায় সাম্প্রতিক এই গোলাগুলির ঘটনা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। একই সঙ্গে জাতিসংঘের অধীনে কর্মরত এক মার্কিন কর্মকর্তা পাল্টা গুলি না ছোড়ার জন্য দক্ষিণ কোরিয়ার সেনাদের প্রশংসাও করেন।