উত্তেজনা প্রশমনে দুই কোরিয়ার সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান উত্তেজনা প্রশমনে সমঝোতায় পৌঁছেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার থেকে দীর্ঘ আলোচনার পর গতকাল সোমবার এ বিষয়ে দুই দেশের মধ্যে মতৈক্য হয়। খবর এএফপি ও বিবিসির।
দক্ষিণ কোরিয়ার প্রধান সমঝোতাকারী দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম কিওয়ান-জিন বলেন, সম্প্রতি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করতে সম্মত হয়েছে পিয়ংইয়ং। এর বিনিময়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শর্ত সাপেক্ষে সীমান্তে লাউড স্পিকারে প্রচারণা চালানো বন্ধ রাখবে সিউল।
প্রতিবেশী দুই দেশই আগামী মাসে স্বজনদের সঙ্গে পুনর্মিলনীর জন্য কাজ করতেও সম্মত হয়েছে। ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের সময় যেসব পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাদের সদস্যরা আবার পরস্পরের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
এর আগে সিউল দাবি করে আসছিল, যতক্ষণ না উত্তর কোরিয়া স্থলমাইন স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছে, ততক্ষণ পর্যন্ত সীমান্তে প্রচারণা চালানো বন্ধ করা হবে না। চলতি মাসের শুরুর দিকে দুই দেশের মধ্যকার অসামরিকীকৃত অঞ্চলে দক্ষিণ কোরিয়ার দুই সেনাসদস্য টহল দিতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে নিহত হন। তবে ওই স্থলমাইন স্থাপনের অভিযোগ অস্বীকার করে আসছিল পিয়ংইয়ং।