ইরানের পার্লামেন্ট নির্বাচনে রক্ষণশীলদের পেছনে ফেলে সংস্কারবাদীদের এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। গত শুক্রবার বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনের আগাম ফল গতকাল শনিবার রাতে ঘোষণা করার কথা। তবে এর আগেই সংবাদমাধ্যম সংস্কারবাদীদের এগিয়ে থাকার আভাস দেয়। খবর আল-জাজিরার।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস ও মেহরের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, দেশটির রক্ষণশীল, তুলনামূলক উদার রক্ষণশীল ও সংস্কারবাদী—এই তিন পক্ষের কারোরই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস পাওয়া যায়নি। তবে সংস্কারবাদী ও তুলনামূলক উদার রক্ষণশীলেরা জোটগতভাবে রক্ষণশীলদের চেয়ে কিছুটা এগিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হাসান রুহানি জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ২৯০ আসনের পার্লামেন্টে আগের চেয়ে বেশি অনুকূল পরিবেশ পাবেন।
গতকাল ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদোলরেজা রাহমানি ফাজলি এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রায় ৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। অল্প কয়েকটি কেন্দ্রে কোনো প্রার্থীই ন্যূনতম ২৫ শতাংশ ভোট না পাওয়ায় সেখানে আবার ভোট গ্রহণ হবে। তিনি বলেন, ‘নির্বাচনের আগাম ফল রাতে (গতকাল রাতে) ঘোষণা করা হবে; তবে চূড়ান্ত ফল প্রকাশে সময় লাগবে।’
ইরানের ফাইন্যান্সিয়াল ট্রিবিউন পত্রিকা বলেছে, আট কোটি জনসংখ্যার দেশটিতে ভোটারের সংখ্যা সাড়ে পাঁচ কোটি। ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে ভোট গ্রহণের সময়সীমা পাঁচ দফা বাড়ানো হয়। সব মিলিয়ে ছয় ঘণ্টা সময় বাড়ানো হয়।
বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচিত পরমাণু চুক্তি স্বাক্ষরের পর এটাই ইরানের প্রথম পার্লামেন্ট নির্বাচন। উদারপন্থী ইরানিরা পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর পক্ষে। আর রক্ষণশীলেরা এই নীতির বিপরীতে জাতীয়তাবাদকে অগ্রাধিকার দিয়ে থাকে।
পর্যবেক্ষকেরা বলেছেন, গ্রামাঞ্চলে রক্ষণশীলেরা বেশি ভোট পেলেও শহর এলাকায় সংস্কারবাদীরা ভালো করেছে।
গতকাল প্রায় ৫০টি ছোট শহরের আংশিক ভোটের ফল জানা গেছে। সেখানে উদারপন্থী জোটকে এগিয়ে থাকতে দেখা গেছে। বেহরোজ ব্রোয়াম নামের একজন উদারপন্থী ভোটার আল-জাজিরাকে বলেন, ‘আমি সারা দুনিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার পক্ষে; আমি চাই আরেকটু ভালো আয়রোজগার, আরেকটু ভালো জীবন।’
তবে তাঁর সঙ্গে একমত নন জাহরা রুজিদার নামের এক রক্ষণশীল ভোটার। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রকে কিছুতেই বিশ্বাস করা যায় না।