উদ্ধার অভিযানে গিয়ে রুশ মেরিন সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের গুলিতে ভূপাতিত রাশিয়ার যুদ্ধবিমানের পাইলটসহ আরোহীদের উদ্ধারে গিয়ে দেশটির এক মেরিন সেনা নিহত হয়েছেন। আজ বুধবার বিবিসির খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্তের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। পরে রাশিয়ার উদ্ধারকারী দলের সেনাদের বহনকারী হেলিকপ্টারটি সেখানে নামলে বিদ্রোহীরা সেটিকে লক্ষ্য করে গুলি করে। এতে ওই মেরিন সেনা নিহত হন।
এ ছাড়া ভূপাতিত বিমান থেকে নেমে আসার পর বিদ্রোহীরা দুই ক্রুকে লক্ষ্য করে গুলি করলেও একজন নিহত হন।
এ ঘটনায় তুরস্ককে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। যার পরিপ্রেক্ষিতে ন্যাটোর প্রধান বলেছেন, এই ক্ষেত্রে তাঁরা তুরস্কের পাশে থাকবেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপে এরদোগানকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানিয়েছেন। তুরস্কের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন ওবামা।
তুরস্ক বলছে, বিমানটি আকাশে বিধ্বস্ত হয়েছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলছেন, সিরিয়ার আকাশ সীমায় সু-২৪ যুদ্ধবিমানটি ওড়ার সময় আকাশ থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেটিকে আঘাত করা হয়েছে।
এ দিকে ন্যাটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন, তিনি তুরস্কের তথ্যকে সমর্থন করেন। ঘটনার পর এক জরুরি বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা তুরস্কের প্রতি সংহতি প্রকাশ করছি। আমাদের ন্যাটোভুক্ত বন্ধুর সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন করছি।’
তবে, ভ্লাদিমির পুতিন ওই যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টিকে ‘পেছন থেকে ছুরি মারা’ বলে অভিহিত করেছেন। এ ঘটনার পর তুরস্কের সঙ্গে বিদ্যমান সামরিক চুক্তি বাতিলও করেছে রাশিয়া।