উদ্ধারকাজে ২৫ হাজার সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ভূমিকম্প কবলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে উদ্ধারকাজ ব্যাপক জোরদার করা হয়েছে। শনিবারের বৃষ্টি শেষে গতকাল রোববার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সেখানে ২৫ হাজার সেনাসহ বহু উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল আকাশ পরিষ্কার থাকায় উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে দুর্গম স্থানগুলোতে পৌঁছেছেন। ধসে পড়া অথবা ভূমিধসের কারণে মাটির নিচে চাপা পড়া বাড়িঘরে আটকা পড়া লোকজনকে উদ্ধার করাকে অগ্রাধিকার দিয়ে এই অভিযান চলছে। তবে সেখানকার ঘরবাড়ি হারানো আড়াই লাখ মানুষের আশ্রয়ের বিষয় নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। বহু মানুষ গতকালও খোলা আকাশের নিচে ছিল।
প্রধানমন্ত্রী শিনজো আবে উদ্ধারকর্মীর সংখ্যা আরও বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন। বৃহস্পতি ও শনিবারের ভূমিকম্পে জাপানে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গত এলাকায় প্রায় ৪ লাখ ২২ হাজার ঘরবাড়িতে পানি এবং ১ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ নেই।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাশিকি শহর। সেখানে অল্প কয়েকটি ঘরবাড়ি ছাড়া বাকি সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে।