উদ্ধারচেষ্টার সময় নিহত মার্কিন সাংবাদিক
ইয়েমেনে আল-কায়েদার হাতে জিম্মি মার্কিন সাংবাদিক লিউক সমার্স নিহত হয়েছেন। তাঁকে উদ্ধারে গতকাল শনিবার পাশ্চাত্যের সেনাদের চালানো এক ব্যর্থ অভিযানকালে নিহত হন তিনি। খবর এপি ও এএফপির।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইয়েমেনি নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘জিম্মি মার্কিন সাংবাদিক সমার্স নিহত হয়েছেন।’ তবে অভিযানের বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে আরেক নিরাপত্তা কর্মকর্তা বলেছিলেন, দক্ষিণ-পূর্ব ইয়েমেনে পরিচালিত ওই অভিযানে ৩৩ বছর বয়সী ফটোসাংবাদিক সমার্স আহত হন ও মার্কিন সেনারা তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
লিউক সমার্সের বোন লুসি সমার্স এপিকে বলেন, গতকাল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছ থেকে তাঁরা লিউকের মৃত্যুর খবর জেনেছেন।
আফগানিস্তান সফররত বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জানান, অভিযানে সমার্স ও অন্য একটি দেশের আরেকজন বন্দী আল-কায়েদা সদস্যদের হাতে নিহত হয়েছেন।