উনের ভাই নামকে 'বিষপ্রয়োগে' হত্যা: নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-নাম
কিম জং-নাম

মালয়েশিয়ায় নিহত উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসির খবরে আজ বুধবার বলা হয়েছে, কিম জং উনের সৎভাই কিম জং-নাম হত্যায় জড়িত সন্দেহে ডোয়ান থি হুয়োং নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। ২৮ বছর বয়সী ওই নারীর কাছে ভিয়েতনামের ভ্রমণের নথিপত্র পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজ করছে মালয়েশিয়ার পুলিশ। ঘটনার দিন গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে জং-নামের সঙ্গে ওই নারীকে দেখা গেছে।

দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার টেলিভিশনে সন্দেহভাজন ওই নারীর একটি ছবি দেখানো হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ওই নারী ইংরেজিতে ‘এলওএল’ লেখা একটি টি-শার্ট পরে রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার গোয়েন্দা বা গুপ্তচরেরাই কিম জং-নামকে বিষপ্রয়োগে হত্যার সঙ্গে জড়িত। গুপ্তচরেরা ট্যাক্সি ক্যাবে করে বিমানবন্দর থেকে পালিয়ে যায়। তবে মালয়েশিয়ার পুলিশ এ ব্যাপারটি নিশ্চিত করেননি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জং-নামের সঙ্গে থাকা দুই নারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। এর আগে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, মিয়ানমারের এক নাগরিককে বিমানবন্দরে আটক করা হয়েছে। তবে এটা নিশ্চিতভাবে জানা যায়নি যে জং-নামের হত্যার অভিযোগে আটক নারীই কি না।
মালয়েশিয়া এখনো নিশ্চিত করেনি যে গত সোমবার বিমানবন্দরে নিহত ওই ব্যক্তি কিম জং-নাম কি না। কারণ, তখন তিনি কিম চল নামে ভ্রমণ করছিলেন। কিম জং-নামের হত্যার খবর নিশ্চিত করা হলে তা হবে কিম জং-উনের আমলে ২০১৩ সালে তাঁর চাচা জং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করার পর থেকে দেশটিতে সবচেয়ে উঁচু পর্যায়ের কারও খুন হওয়ার ঘটনা।

উত্তর কোরিয়া এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। মালয়েশিয়ায় উত্তর কোরিয়া দূতাবাসের কর্মকর্তারা অবশ্য যে হাসপাতালে মৃতদেহ রাখা আছে, সেখানে গিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র দাবি করেছে, কিম জং-উনের সৎভাই কিম জং-নামকে উত্তর কোরিয়ার গোয়েন্দা বা গুপ্তচরেরাই গত সোমবার বিষপ্রয়োগ করে হত্যা করেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিম জং-নাম (৪৫) ‘হামলার’ শিকার হন বলে বিভিন্ন খবরে বলা হয়েছে। মালয়েশিয়ার পুলিশ বলছে, নিহত ব্যক্তির কাছে থাকা পাসপোর্টে তাঁর নাম লেখা আছে কিম-চল এবং তাঁর বয়স ৪৬। পুলিশ অবশ্য বলেছে, এর আগে ভ্রমণের জাল কাগজপত্র থাকার কারণে আটকও হয়েছিলেন কিম জং-নাম।

দক্ষিণ কোরিয়ার টিভি চ্যানেল চোসান দাবি করেছে, দুজন নারী কিমকে সুই দিয়ে বিষপ্রয়োগ করে ট্যাক্সিতে করে পালিয়ে যান। চ্যানেলটির প্রতিবেদনে ওই দুই নারীকে উত্তর কোরিয়ার গোয়েন্দা বলে দাবি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সরকারি সূত্রও এ দাবিকে সমর্থন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র বলেছে, তারা মনে করে, উত্তর কোরিয়ার গোয়েন্দারাই এ ‘হত্যাকাণ্ড’ ঘটিয়েছে।

জীবনের বেশির ভাগ সময়ই কিম জং-নাম দেশের বাইরে ছিলেন। একজন সাবেক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কিমের জীবন ঝুঁকিতে ছিল বলে মনে করত যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের কোনো কর্মকর্তা এ ব্যাপারে মন্তব্য করেননি।