উপগ্রহ উৎক্ষেপণের সময় এগিয়ে আনল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া কাল রোববারের মধ্যেই বিতর্কিত ‘কৃত্রিম উপগ্রহ’ উৎক্ষেপণ করতে পারে। এর আগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যেই দেশটি ওই উপগ্রহ উৎক্ষেপণ করবে।

উত্তর কোরিয়ার রিজিওনাল গভর্নমেন্টগুলোর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। বিভিন্ন দেশ অভিযোগ করেছে, উত্তর কোরিয়া কৃত্রিম উপগ্রহ কিংবা রকেট উৎক্ষেপণের আড়ালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে।
এদিকে এক প্রতিবেদনের ওপর ভিত্তি করে জাপান সরকার বলেছে, আগামী ৭ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে ওই ‘বোমা বহনকারী’ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া তাদের এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের তারিখ পরিবর্তনের পরিকল্পনার ব্যাপারে আন্তর্জাতিক সংগঠনগুলোকে কোনো তথ্য জানায়নি। এ ছাড়া ওই রকেট উৎক্ষেপণের উড্ডয়ন পথও আগের মতোই রেখেছে।
দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী ১৬ ফেব্রুয়ারির আগেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে দক্ষিণ কোরিয়া বলেছে, এই উৎক্ষেপণ চালানোর পরিকল্পনার পথে আর এগোলে এর ‘কড়া মূল্য’ দিতে হবে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, তিনি ইতিমধ্যে জাপানের ভূখণ্ডে পড়তে পারে এমন যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন।
গত ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া ইতিমধ্যে আন্তর্জাতিক সমালোচনাকে উসকে দিয়েছে।