উপহার না পেয়ে...
বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী পরস্পরকে শুভেচ্ছা জানাবেন, উপহার দেবেন—বর্তমানে এটিই স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে। তবে এমনটি না ঘটায় বেজায় চটেছেন জাপানের এক স্ত্রী। রাগ সামলাতে না পেরে টাই দিয়ে স্বামীর টুঁটি চেপে শ্বাসরোধের চেষ্টা করেছেন তিনি।
আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, রাগের মাথায় এমন কাণ্ড ঘটিয়ে ফেঁসে গেছেন ৪৩ বছর বয়সী ওই জাপানি নারী। স্বামীর ওপর হামলার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
জাপানি রীতি অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নারীরা তাঁর প্রিয়জন যেমন জীবনসঙ্গী, সহকর্মী, বসদের চকলেটসহ নানা ধরনের উপহার দিয়ে থাকেন। এর বিনিময়ে পুরুষেরা ১৪ মার্চ ওই সব নারিকে ফিরতি উপহার দেন। দিনটি জাপানে ‘হোয়াইট ডে’ বা সাদা দিবস হিসেবে পরিচিত।
১৪ মার্চ জাপানের পশ্চিমাঞ্চলের শহর সাকাইয়ের বাসিন্দা মিয়ে নিশিয়ামাকে ‘সাদা দিবসে’ কোনো উপহার দেননি তাঁর ৩১ বছর বয়সী স্বামী। আর এতেই বেজায় ক্ষেপে গিয়ে তিনি ওই কাণ্ড ঘটান। পরে তাঁর স্বামী পুলিশকে ফোন দিয়ে ঘটনাটি অবহিত করলে গতকাল মধ্যরাতের কিছু পরে মিয়ে নিশিয়ামাকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নিশিয়ামার ধারণা তাঁর স্বামীর অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। তিনি পুলিশকে বলেন, ‘সে আমাকে ভ্যালেনটাইনস ডের কোনো উপহার দেয়নি। আমি খুব রেগে গিয়েছিলাম ও তার টুঁটি চেপে ধরি।’ তবে স্বামীকে খুন করার কোনো ইচ্ছা ছিল না বলে তিনি দাবি করেছেন।