উল্টো পথে দুই দেশের দুই সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ামারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়াং, থাইল্যান্ডের সেনাশাসিত সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা
মিয়ামারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়াং, থাইল্যান্ডের সেনাশাসিত সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা

উল্টো পথে দুই দেশের দুই সেনাবাহিনী
মিয়ানমার ও থাইল্যান্ড পরিস্থিতি
মিয়ানমারকে নিয়ে কেউ কি এমন দৃশ্য কখনো কল্পনা করেছেন? গান গাইছেন সেনাসদস্যরা। কেউ নাচছেন, কেউ বা আবার দম ফাটানো হাসির কৌতুক শোনাচ্ছেন। অথচ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটা। এ দৃশ্য বাস্তবের।
গত নভেম্বরে মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতাসীন হয় গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। সেই সঙ্গে যবনিকাপাত ঘটে দীর্ঘ অর্ধশতক ক্ষমতা আঁকড়ে থাকা সামরিক শাসনের। নিজেদের আধিপত্যকে বিদায় এবং গণতন্ত্রকে স্বাগত জানাতেই বিদায়ী পার্লামেন্টে ওই নাচ-গান ও কৌতুক আয়োজন করে এই সেনাবাহিনীই।
আনন্দের ওই মঞ্চে ‘ড্রিমস মে কাম ট্রু’ গানটি পরিবেশনের সময় তাতে যোগ দেওয়ার জন্য দর্শক-শ্রোতাদের অনুরোধ জানান পার্লামেন্টের বিদায়ী স্পিকার। ১৯৬২ সালে সেনাবাহিনীর প্রথম ক্ষমতা দখলের পর মিয়ানমারের জনগণকে এই গানের মতোই স্বপ্ন পূরণ দেখতে অপেক্ষায় থাকতে হয়েছে এতটা বছর।
গণতন্ত্রকামীদের হাতে ক্ষমতার লাগাম তুলে দিতে কয়েক বছর আগেই সংস্কারের পথে হাঁটতে শুরু করেছিল মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইয়াং-এর নেতৃত্বাধীন সেনাবাহিনী। কিন্তু প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সেনাবাহিনী হাঁটছে ঠিক এর উল্টো পথে।
মিয়ানমারে দীর্ঘ সেনা শাসনামলে মুখ থুবড়ে পড়েছিল দেশটির শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক-বিমা, বেসরকারি খাত। সংস্কার কর্মসূচি শুরুর পর খাতগুলোর বন্ধ দুয়ার বিশ্বের কাছে খুলে গেছে। বিদেশি সম্প্রদায়ের সহযোগিতা আর চীনা বিনিয়োগের কল্যাণে এর মধ্যে খানিকটা ঘাটতি পুষিয়েও নিয়েছে দেশটি। তবু দেশটি রয়ে গেছে আধুনিক রাষ্ট্রের মৌলিক অবকাঠামো থেকে বেশ খানিকটা দূরেই। হতে পারে এই দেশই একসময় হয়ে উঠবে এশিয়ার সমৃদ্ধিশালী রাষ্ট্রের আদর্শ এক দৃষ্টান্ত।
অথচ সীমান্তের ঠিক ওপারের থাইল্যান্ড ছিল এশিয়ার একসময়ের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। দৃশ্যত সেখানকার সেনাবাহিনী দেশটিকে একটি আধুনিক অর্থনীতিতে পরিণত হওয়ার পথে বেঁধে রাখতেই বদ্ধপরিকর। জান্তা প্রধান ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা নতুন নির্বাচনের সময় ঘোষণায় টালবাহানা করছেন।
তবে নারীদের নিয়ে সম্প্রতি এই জান্তা প্রধানমন্ত্রীর কিছু মন্তব্যে আভাস পাওয়া যায়, তিনি এখনো গত শতাব্দীর মাঝামাঝি সময়েই অবস্থান করছেন। তিনি মন্তব্য করেন, ‘নারীরা মায়ের জাতি। আপনি যখন বাসায় ফেরেন, তখন কাকে দেখেন? যাঁর স্ত্রী আছেন, সেই স্ত্রীই কি ঘর সামলাচ্ছেন না? তিনিই কি ঘরের বড় বস নন?’ আরও বলেন, ‘ঘরের বাইরে আমিই বস—সবখানেই আমার কর্তৃত্ব। কিন্তু যখন আমি বাসায় ফিরি, আমাকে শান্ত হতে হয়। কারণ, স্ত্রীই সব দেখভাল করছেন। বাচ্চাকাচ্চা থেকে শুরু করে ঘরের সবই। বিয়ের পর থেকে বাড়িতে আমি কিছুই করি না। সবকিছু তিনিই করছেন।’
প্রায়ুথ বলেন, ‘এ জন্যই আমি অন্য কিছু চিন্তার অবকাশ পাই। কিছু ভাবতে হয় না, বাচ্চাদের আনা-নেওয়া করতে হয় না। আসলে আমি ঘরের কিছুই করি না। কেননা, আমি থাকি ঘরের অনেক বাইরে। এটাই তাঁর সঙ্গে আমার ছোট পার্থক্য। অথচ তাঁর সঙ্গে যদি আমি মন্দ কিছু করি সেটার প্রভাব পড়ে সর্বত্র।’
এই প্রায়ুথের সেনাবাহিনীর কাছে এক বড় দৃষ্টান্ত হতে পারে মিয়ানমার। যেখান থেকে তারা জানতে পারবে, দীর্ঘ সেনাশাসনের বিপদ। এর একটা হলো— নির্বাচন যত বিলম্বিত হবে, জনরোষের বিস্ফোরণের ঝুঁকিও তত বাড়বে; বিশেষত অসুস্থ রাজার মৃত্যুর পর।