উহান ছাড়া হুবেইয়ের কোথাও করোনার নতুন সংক্রমণ নেই

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে একটি ভালো খবর আছে। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানেই প্রাদুর্ভাব ঘটেছিল করোনাভাইরাসের। তবে উহান ছাড়া এ প্রদেশের অন্যত্র গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন কেউ আক্রান্ত হয়নি। ভয়াবহ এই সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম এমনটা ঘটল। হুবেই ছাড়া চীনের অন্যত্র করোনায় নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অনেক প্রদেশে সংক্রমণের হার কমে আসছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন আজ শুক্রবার জানায়, গতকাল বৃহস্পতিবার উহানে ১২৬ জন নতুন করোনা সংক্রমণ হওয়া রোগী পাওয়া গেছে। কিন্তু উহান ছাড়া প্রদেশের অন্যত্র কোনো নতুন সংক্রমণের ঘটনা পাওয়া যায়নি।
হুবেই প্রদেশের বাইরে গত ২৪ ঘণ্টায় ১৭টি নতুন সংক্রমণের ঘটনা জানা গেছে। এর মধ্যে গাংসুতে ১১, বেইজিংয়ে ৪ এবং সাংহাইয়ে ১ জনের করে নতুন সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। পুরো চীনে গতকাল ১৪৩টি নতুন সংক্রমণের ঘটনা জানা গিয়েছিল। বুধবার এ সংখ্যা ছিল ১৩৯।
চীনের একাধিক প্রদেশেও নতুন করে সংক্রমণের ঘটনা কমে আসছে। এসব প্রদেশের কোথাও কোথাও স্কুল খুলে দেওয়ার নোটিশ দেওয়া হচ্ছে। জীবনযাপনও স্বাভাবিক হয়ে আসছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইংহাইয়ে ২৯ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মেলেনি। আবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইজুতে ১৮ দিন ধরে নতুন কোনো সংক্রমণের ঘটনা পাওয়া যায়নি।
চীনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৫২তে। এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ৪২ জন। হুবেইয়ে গতকাল ২৯ জন মারা গেছে। আর শুধু উহানেই মারা গেছে ২৩ জন।