মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজ ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজ হওয়ার এক বছর পূর্তি হলো আজ ৮ মার্চ। এক বছরেও রহস্যজনকভাবে উধাও উড়োজাহাজটির হদিস পাওয়া গেল না। এর ২৩৯ জন আরোহীর ভাগ্যে কী ঘটেছে, তাও থেকে গেল অজানা। খবর বিবিসির।
নিখোঁজ উড়োজাহাজটি ‘খুঁজে পাওয়া যাবে’ বলে আশাবাদী মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিউ তিয়ং। নিখোঁজের বর্ষপূর্তির প্রাক্কালে গতকাল শনিবার তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
গত বছরের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে বেইজিংয়ে যাওয়ার পথে নিখোঁজ হয় ফ্লাইট এমএইচ৩৭০। এর খোঁজে ভারত মহাসাগরের বিশাল এলাকা (৬০ হাজার বর্গকিলোমিটার) চিহ্নিত করে অনুসন্ধান চালিয়েও কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, চলতি বছরের মে মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে পারব। আশা করছি, নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে পাব।’
তল্লাশি অভিযান নিয়ে একটি প্রতিবেদন চলতি সপ্তাহের শেষ দিকে প্রকাশ করার আগে তা সরকারের কাছে উপস্থাপন করা হবে। ওই প্রতিবেদনের বিষয়ে পরিবহনমন্ত্রী লিউ তিয়ং বলেন, তিনি প্রতিবেদনটি দেখেননি। এটা চূড়ান্ত প্রতিবেদন নাকি অন্তর্বর্তী কোনো বিবৃতি, তাও তিনি জানেন না। তবে বলেন, ‘আমরা তথ্য-প্রমাণে বিশ্বাস করি। তল্লাশি দল যেসব তথ্য-উপাত্ত পেয়েছে, তাতে প্রমাণিত হয় উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশেই রয়েছে। এ কারণেই অনুসন্ধানে ওই এলাকাকেই প্রাধান্য দিচ্ছি আমরা।’
মালয়েশিয়ার পুলিশ বলছে, উড়োজাহাজটি নিখোঁজ হয়েছে নাকি উদ্দেশ্যমূলকভাবে ‘নিখোঁজ করা হয়েছে’, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আর কোনো তথ্য জানানো হয়নি।
উড়োজাহাজ অনুসন্ধানে এ পর্যন্ত ব্যয় হয়েছে ৯ কোটি ৩০ লাখ ডলার।