উড়োজাহাজটি তখন সহকারী বৈমানিকের নিয়ন্ত্রণে ছিল

এয়ারএশিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় সেটি সহকারী বৈমানিকের নিয়ন্ত্রণে ছিল। আর বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উড়োজাহাজটি ভালোভাবেই উড়েছিল। তদন্তকারীরা গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন।
এয়ারএশিয়া ইন্দোনেশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ গত ২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে নিখোঁজ হয়। কয়েক দিন পর বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে এর ধ্বংসাবশেষের প্রথম কিছু অংশ ও কয়েকটি লাশের খোঁজ মেলে। চলতি মাসের শুরুর দিকে সাগরতল থেকে ব্ল্যাকবক্স উদ্ধার ও উড়োজাহাজের মূল অংশ শনাক্ত করা হয়।
ইন্দোনেশিয়ার তদন্তকারীরা ব্ল্যাকবক্সের তথ্য বিশ্লেষণ করছেন। চলতি সপ্তাহে জাতিসংঘের ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনে প্রাথমিক প্রতিবেদন দাখিল করা হয়েছে।
গতকাল ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি জানায়, উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয়, তখন দীর্ঘদিনের অভিজ্ঞ বৈমানিক ক্যাপ্টেন ইরিয়ান্তোর বদলে তা চালাচ্ছিলেন সহকারী বৈমানিক ফ্রান্সের রেমি প্লেজল। জাকার্তায় প্রধান তদন্তকারী মারজোনো সিসোসুয়ারোনো সাংবাদিকদের বলেন, ওই সময়ে উড়োজাহাজের ক্যাপ্টেন ফ্লাইট পর্যবেক্ষণ করছিলেন।
আরেক তদন্তকারী এরতাতা লানাংগালিহ বলেন, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উড়োজাহাজটি ভালোভাবে উড়েছিল। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার আগের ৩০ সেকেন্ডে উড়োজাহাজটি হঠাৎ অস্বাভাবিক দ্রুতগতিতে ওপরে উঠতে থাকে। এটি ৩২ হাজার ফুট থেকে ৩৭ হাজার ফুট উচুঁতে উঠে যায়। পরে আবার ৩২ হাজার ফুটে নেমে আসে। সে উচ্চতা থেকে নিচে পড়ে গিয়ে সমুদ্রে বিধ্বস্ত হতে উড়োজাহাজটির প্রায় তিন মিনিট সময় লাগে।
তদন্তকারীরা বলছেন, উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয়, তখন আকাশের ৪৪ হাজার ফুট পর্যন্ত ঘন মেঘ ছিল। ঘন মেঘ উড়োজাহাজকে মারাত্মক সমস্যার মধ্যে ফেলতে পারে।
‘এমএইচ৩৭০ দুর্ঘটনার শিকার’: মালয়েশীয় এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার ঘটনাকে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনা ঘোষণা করে বলেছে, এর আরোহীদের কেউ বেঁচে নেই। গত বছরের ৮ মার্চ বেইজিংয়ের উদ্দেশে ওড়া উড়োজাহাজটির কোনো চিহ্ন বহু চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি। গতকাল মালয়েশীয় কর্তৃপক্ষের এই আনুষ্ঠানিক ঘোষণার ফলে আরোহীদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা গতকাল বলেন, উড়োজাহাজটির সম্ভাব্য ধ্বংসাবশেষের অনুসন্ধান এখনো চললেও আরোহীরা আর বেঁচে নেই বলেই ধরা হচ্ছে।