উড়োজাহাজের ইঞ্জিনে কয়েন ছোড়ায়...

ইঞ্জিনের দিকে কয়েন ছুড়ে মারলেন তিনি। এতে নাকি যাত্রা শুভ হয়। উড়োজাহাজে নিরাপদ ভ্রমণে এই উদ্ভট কাজ করেন অশীতিপর এক চীনা নারী। তাঁর মনে শিকড় গেড়ে থাকা এই বিশ্বাসের কারণে ভুগতে হলো অন্য যাত্রীদের। উড়োজাহাজটি পুরো পাঁচ ঘণ্টা দেরিতে ছেড়েছিল।
গতকাল মঙ্গলবার সাংহাই পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইটে এ ঘটনা ঘটে।
কুসংস্কারাচ্ছন্ন ওই বৃদ্ধার নাম কিউই। ‘নিরাপত্তার জন্য প্রার্থনার’ অংশ হিসেবে উড়োজাহাজে বসে তিনি ইঞ্জিন লক্ষ্য করে কয়েন ছুড়তে থাকেন। নয়টি কয়েনের মধ্যে মাত্র একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আঘাত করতে পেরেছিল।
একজন যাত্রী বৃদ্ধার এই অদ্ভুত আচরণ দেখে কর্তৃপক্ষকে তা জানান। বিমানবন্দরে পুলিশ ডাকা হয়। নিরাপত্তার জন্য ১৫০ যাত্রীর প্রত্যেককে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। পরে উড়োজাহাজের ইঞ্জিন পরীক্ষা করা হয়। পাঁচ ঘণ্টা দেরিতে তা ছাড়া হয়।
বৃদ্ধা ও তাঁর সঙ্গে থাকা স্বামী, কন্যা ও জামাতাকে জিজ্ঞাসাবাদে ডেকে নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে বৃদ্ধা জানান, নিরাপদে ভ্রমণের জন্য তিনি কয়েন ছুড়েছিলেন। সূত্র: বিবিসি অনলাইন