এ-ও সম্ভব, টায়ারের দাম ৪ কোটি!


মোটরগাড়ির একটি টায়ারের দাম বড় জোর কত হতে পারে। হাজার থেকে লাখ টাকা। কিন্তু অবাক করার ব্যাপার হলো, দুটি টায়ার সম্প্রতি বিক্রি হয়েছে ভারতীয় মুদ্রায় ৪ কোটি ১০ লাখ রুপিতে।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে বাণিজ্য মেলায় ৪ কোটি ১০ লাখ রুপিতে মোটরগাড়ির দুটি টায়ার বিক্রি হয়েছে। বিশ্বে এর আগে এত দামে কখনো টায়ার বিক্রি হয়নি। ইতিমধ্যেই এই টায়ার বিশ্বের সবচেয়ে মূল্যবান টায়ার হিসেবে গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে।
এখন মনে হতে পারে, এই টায়ারগুলোর এত দামের আসল কারণ কী? আর পাঁচটা টায়ার থেকে কেন এগুলো আলাদা। কারণ হলো টায়ারগুলো সোনা দিয়ে তৈরি। টায়ারগুলোর মূল উপাদান রাবার হলেও এগুলো ছিল গোল্ড প্লেটেড। শুধু তা-ই নয়, এই টায়ারগুলোর গায়ে সোনা দিয়ে খোদাই করে নকশা তৈরি করা হয়েছে। এগুলো সজ্জিত করা হয়েছে মূল্যবান হীরা দিয়ে। ইতালির একটি বিখ্যাত জুয়েলারি সংস্থা এই নকশা করেছে।
ব্যতিক্রমী এই টায়ারগুলো তৈরি করেছিল দুবাইয়ের ‘জেড টায়ার্স’ নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির তৈরি করা চারটির মধ্যে দুটি টায়ার দুবাইয়ের মেলায় বিক্রি হয়। টায়ারগুলো বিক্রি হয়েছে ৪ কোটি ১০ লাখ রুপিতে। টায়ার বিক্রির সমুদয় অর্থ ‘জেনিসেস ফাউন্ডেশন’ নামের একটি দাতব্য সংস্থাকে দান করা হবে। এ সংস্থাটি বিশ্বজুড়ে শিক্ষার জন্য কাজ করে থাকে। ‘জেড টায়ার্স’ নামের ওই প্রতিষ্ঠানটি এক অনাবাসী ভারতীয়র।
জেনিসেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হারজিভ কান্দারি বলেন, পবিত্র রমজান মাসের পবিত্রতার সঙ্গে তাল মিলিয়ে এ অর্থ সারা বিশ্বে শিক্ষার সুযোগ ও উন্নতির জন্য দান করা হবে।