এ কালের সবচেয়ে বড় শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মাসে পরপর দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর গত শনিবার নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি বলেছেন, ‘এটা সাম্প্রতিক কালে যেকোনো দেশের ওপর সবচেয়ে কঠোর অবরোধ।’

জাতিসংঘের কথা না শুনে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ করা ‘সঠিক’ হয়েছে বলে গতকাল রোববার মন্তব্য করেছে পিয়ংইয়ংয়ের মিত্রদেশ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই। কিন্তু তিনি এ-ও বলেন, ইস্যুটি সমাধানে আলোচনা অপরিহার্য হলেও তা এখন একটি ‘সংকটপূর্ণ মুহূর্তে’ এসে পৌঁছেছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জের ধরে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

গত মাসের শেষ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার পর পিয়ংইয়ং দাবি করে, পুরো যুক্তরাষ্ট্র এখন তাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে। যদিও বিশেষজ্ঞরা এই সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র ওই পরীক্ষার নিন্দা জানায়। বলা হচ্ছে, ওই পরীক্ষা দুটি নতুন করে অবরোধ আরোপে জাতিসংঘকে উসকে দিয়েছে।

 নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, জাতিসংঘের সদস্য কোনো দেশ উত্তর কোরিয়া থেকে তাদের প্রধান প্রধান রপ্তানিজাত পণ্য যেমন কয়লা, লোহা, লৌহ আকরিক, সিসা, আকরিক সিসা ও সামুদ্রিক খাদ্য আমদানি করতে পারবে না। দেশটি থেকে নতুন কর্মী নেওয়া যাবে না। উত্তর কোরিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগ করা যাবে না, চলমান যৌথ প্রকল্পেও নতুন করে বিনিয়োগ বন্ধ করতে হবে। দেশটির আরও অনেক ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাঁদের সম্পদ জব্দ করা হবে এবং এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে কি না, সদস্যদেশগুলো তা ৯০ দিনের মধ্যে নিরাপত্তা পরিষদকে জানাবে।

যুক্তরাষ্ট্রের তোলা এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি একটি বিবৃতি প্রকাশ করেন। এতে বলা হয়, রপ্তানি থেকে উত্তর কোরিয়া প্রতিবছর যে রাজস্ব আয় করে, নতুন নিষেধাজ্ঞার কারণে তার এক-তৃতীয়াংশের বেশি, অর্থাৎ প্রায় ১০০ কোটি মার্কিন ডলার কমে যাবে।

অবকাশযাপনে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় লেখেন, ‘চীন, রাশিয়াও আমাদের সঙ্গে ভোট দিয়েছে। এটির (অবরোধের) আর্থিক প্রভাব হবে বেশ বড়সড়।’

উত্তর কোরিয়ার মিত্র চীন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বলেন, ‘নিষেধাজ্ঞা জরুরি, কিন্তু এটাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়।’ তিনি গতকাল ফিলিপাইনে এক বৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইউয়ং হোকে জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলতে অনুরোধ করেন। কিন্তু রি ইউয়ং হোর প্রতিক্রিয়া কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র রোদোং সিনমুন-এ গতকাল এক নিবন্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘বৈরী নীতি’ বর্জন না করা পর্যন্ত ওয়াশিংটনের কেবল একটি পথই এখন খোলা আছে, তা হলো নিজেদের বিনাশ ডেকে আনা।