এ যেন প্রকৃতির বিচার!
একই রকম চরিত্রে অভিনয় নিয়মিত করতে করতে অভিনেতাদের বাস্তব জীবনেও সেই চরিত্রের প্রতিফলন হওয়ার ঘটনার কথা শোনা যায়। অভিনেতা না হয়েও এবার একই ঘটনা ঘটেছে এক ব্যক্তির জীবনে। হত্যা মামলা থেকে বাঁচতে বাক্প্রতিবন্ধী হওয়ার ভান করেছিলেন তিনি। দীর্ঘ ১২ বছর এই ভান ধরে থাকার পর সত্যি সত্যিই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন চীনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা জেং।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জেংকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু জেরায় কোনো কথা বলতে পারেননি তিনি। শেষে নিজের অপরাধের কথা কাগজে লিখে স্বীকার করেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ের একটি গ্রামের বাসিন্দা জেং। ২০০৫ সালে ৫০০ ইউয়ান (৭৬ ডলার) বাসা ভাড়া নিয়ে স্ত্রীর চাচার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এর জেরে একদিন তাঁকে হত্যা করে গ্রাম ছেড়ে অন্য প্রদেশে পালিয়ে যান। স্ত্রীকে রেখে গ্রাম ছেড়ে যখন পালিয়ে যান, তখন জেংয়ের বয়স ৩৩। নতুন প্রদেশে গিয়ে তিনি নিজের নাম বদলে নির্মাণশ্রমিকের কাজ শুরু করেন। সেখানে আবার বিয়ে করে সন্তানের বাবা হন। নিজেকে বাক্প্রতিবন্ধী হিসেবে পরিচয় দিয়ে সবার সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দেন তিনি। এভাবেই টানা ১২ বছর কাটিয়ে দেন জেং।
প্রতিবেদনে বলা হয়, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে জেংয়ের পরিচয়পত্র নিয়ে সন্দেহ হয় স্থানীয় পুলিশের। তারা তাঁর রক্ত পরীক্ষার নির্দেশ দেয়। সেই পরীক্ষাতেই জেংয়ের আসল পরিচয় প্রকাশ পায়। গত অক্টোবরে করা রক্ত পরীক্ষায় দেখা যায়, এক হত্যা মামলা ১২ বছর ধরে পলাতক আসামির মা-বাবার ডিএনএর সঙ্গে জেংয়ের ডিএনএ হুবহু মিলে গেছে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চেষ্টা করেও কোনো মুখে কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি জেং। গত ১২ বছর ধরে বাক্প্রতিবন্ধীর ভান করতে করতে তিনি সত্যিকারেই কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। এ কারণে পরে তিনি কাগজে লিখে নিজের দোষ স্বীকার করে বলেছেন, ‘আমি কোনো শব্দই আর উচ্চারণ করতে পারছি না।’
হত্যা মামলায় দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে জেংয়ের।