এই পাগলামি অবশ্যই বন্ধ করতে হবে: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা এলাকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত স্কুলে চালানো ইসরায়েলের হামলা অনৈতিক ও অপরাধমূলক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
আজ সোমবার এক বিবৃতিতে মুন বলেন, ‘এই পাগলামি অবশ্যই বন্ধ করতে হবে।’ কড়া নিন্দা জানিয়ে মুন ওই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে চিহ্নিত করেন।
গাজায় আজ সোমবার সাত ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। তবে তার আগেই ইসরায়েলের হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
গতকাল জাতিসংঘের স্কুলে চালানো ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পাস্কি বলেন, এ ধরনের হামলা নিন্দাজনক। এতে যুক্তরাষ্ট্র মর্মাহত। তবে বরাবরের মতো যুক্তরাষ্ট্র হামলাকারী হিসেবে ইসরায়েলের নাম উল্লেখ করেনি।
গতকালকের ওই হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্কুলটিতে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ইসরায়েল গাজায় সাত ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। সে দেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়োভ মোরদেচাই বলেন, রাফার পূর্বাঞ্চল ছাড়া অন্যান্য স্থানে সকাল ১০টা থেকে সাত ঘণ্টা যুদ্ধবিরতি চলবে। তবে যুদ্ধবিরতির আগে আজ সাতসকালেই গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় ঝরে গেছে ১০ জন ফিলিস্তিনির প্রাণ।
গাজার জরুরি সেবা বিভাগের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, আজ ভোর হতে না হতে ইসরায়েলের হামলায় জাবালিয়ায় পাঁচজন, জিতুন ও শেখ রাদওয়ানে তিনজন এবং নুসিরাত ও রাফায় দুজন নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত ৮ জুলাই থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় এক হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
২৮ দিন ধরে গাজায় ইসরায়েলের হামলায় আহত হয়েছে নয় সহস্রাধিক মানুষ। এ ছাড়া লাখো ফিলিস্তিনি হয়েছে বাস্তুচ্যুত।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এ পর্যন্ত তারা গাজায় চার হাজার ৬৮৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সময় গাজা থেকে দুই হাজার ৫৬০টি রকেট ও মর্টার শেল ছুড়েছে হামাস। প্রায় চার সপ্তাহে ইসরায়েলের ৬৪ জন সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গাজা থেকে হামাস রকেট ছুড়ছে—এই অজুহাত তুলে ৮ জুলাই ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।