এই যাযাবর জীবনের শেষ কোথায়?

এমন ছবি আছে যে তা একটি স্পষ্ট গল্প বলে দেয়। সে গল্পের কাহিনিতে নির্মমতা কতটা গভীর, তা ফুটে ওঠে সেই ছবিতে। ভূমধ্যসাগরের তীরে মুখ থুবড়ে পড়ে থাকা সিরীয় শরণার্থী পরিবারের শিশু আয়লান কুর্দির ছবিটি ছিল তেমন। পরনে লাল গেঞ্জি, নীল প্যান্ট, পায়ে এক জোড়া কালো জুতা। মা-বাবার সবটুকু মমতা বুকে জড়িয়ে নিষ্প্রাণ পড়ে ছিল তার ছোট্ট দেহ। বিশ্বের অজস্র মানুষ কেঁদেছে তার এই ছবি দেখে। সে জল কিন্তু ভাসিয়ে নিতে পারেনি এমনই আরও অনেক আয়লানের কষ্ট।
সিরিয়ার কোবান শহরে থাকত আয়লানের পরিবার। সেখানে যুদ্ধ শুরু হওয়ার পর তারা তুরস্কে পালিয়ে আসে। কানাডা তাদের শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন নাকচ করে দেয়। তখন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা চালায় এই পরিবার। পথে নৌকাডুবিতে পরিবারের অনেকের সঙ্গে মারা যায় আয়লান।
এমনই আরও অনেক আয়লান ঝরে যাচ্ছে লোকচক্ষুর আড়ালে। তাদের কজনের কথাইবা আসে খবরে?
আন্তর্জাতিক চাপের মুখে ধনী দেশগুলো অল্প কিছু শরণার্থীকে আশ্রয় দিলেও মানবেতর জীবন যাপন করছে বেশির ভাগ। ইউরোপের ধনী দেশগুলো কড়াকড়ি ব্যবস্থা নেওয়ায় শরণার্থীরা প্রাথমিকভাবে প্রবেশ করছে ইউরোপের কম ধনী দেশগুলোতে। এর মধ্যে মাল্টা, ইতালি, গ্রিস ও স্পেন উল্লেখযোগ্য।
২১ নভেম্বর প্রকাশিত জাতিসংঘ শরণার্থী-বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) তথ্য অনুসারে, এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর দিয়ে ৩ লাখ ৪৩ হাজার ৪৩৯ জন শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে। এর মধ্যে গ্রিসে ১ লাখ ৭০ হাজার ৮১৫ জন, ইতালিতে ১ লাখ ৬৭ হাজার ৬৫৩ জন এবং স্পেনে ৪ হাজার ৯৭১ জন শরণার্থী প্রবেশ করেছে। এদের মধ্যে ২৭ শতাংশ শিশু, ১৮ শতাংশ নারী ও ৫৫ শতাংশ পুরুষ। তবে গত বছরের তুলনায় এ সংখ্যা কম। গত বছর সমুদ্রপথে শরণার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ১৫ হাজার ৭৮।
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এ বছর ৪ হাজার ৬৪৬ জন মারা গেছে বা নিখোঁজ রয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়, সমুদ্রপথে শরণার্থী প্রবেশের ঘটনা ঘটছে ৭৭ শতাংশ। বিপুলসংখ্যক শরণার্থী জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে চলাচলের অনুপযোগী নৌকা ও ডিঙিতে করে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। নিজ দেশে যুদ্ধবিগ্রহ, উৎপীড়ন ও সহিংসতার শিকার হয়ে পালিয়ে এসে বিপজ্জনক যাত্রারত বেশির ভাগ শরণার্থীর জন্য আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন। প্রতিবছর এভাবে সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে।

ইউরোপের কয়েকটি দেশে শরণার্থী ও অভিবাসন পরিস্থিতিকে নাজুক বলে উল্লেখ করে সেসব দেশে আন্তর্জাতিক চাপ কমিয়ে আনতে বলেছে ইউরোপীয় কমিশন (ইসি)। ৯ নভেম্বর প্রকাশিত শরণার্থী পুনর্বাসন বিষয়ে ইসির সপ্তম প্রতিবেদনে বলা হয়েছে, স্থানচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনে সার্বিকভাবে ইতিবাচক প্রবণতা থাকা সত্ত্বেও কিছু সুনির্দিষ্ট কারণে অক্টোবর মাসে পরিস্থিতি নিম্নমুখী ছিল। এই পরিস্থিতি সাময়িক বলে আশা করা যায়।
পরিষদের দূরদর্শী সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্বাসন-প্রক্রিয়ার ইতিবাচক প্রবণতাকে শক্তিশালী করতে এবং এ প্রক্রিয়া উন্নয়নে কিছু বাধ্যবাধকতা পূরণ করার প্রয়োজন রয়েছে। ইউরোপে অভিবাসন পরিস্থিতি এখনো অনেক নড়বড়ে। এ অবস্থায় সবদিক থেকে টেকসই ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখা প্রয়োজন। ইতালিতে অভিবাসীদের ক্রমাগত আগমন ও গ্রিসে মানবিক পরিস্থিতি এখনো নাজুক থাকায় ওই দেশগুলোর ওপর পুনর্বাসনে চাপ কমানোও গুরুত্বপূর্ণ।
ইসির প্রতিবেদনে জানানো হয়, গ্রিস ও ইতালিতে অব্যাহত জরুরি সহায়তা দেওয়ার আলোকে ইউরোপীয় পরিষদের সর্বশেষ ২০ ও ২১ অক্টোবরের বৈঠকে চলমান পুনর্বাসন স্কিমের আওতায় পুনর্বাসন প্রক্রিয়াকে আরও জোরদার করার আহ্বান জানানো হয় বারবার; বিশেষ করে সঙ্গীছাড়া কম বয়সী শিশু, কিশোর-কিশোরীর ক্ষেত্রে। গ্রিসে ৮ নভেম্বর পর্যন্ত ৬১ হাজার ৭০০ শরণার্থী ও অভিবাসীর প্রবেশ ঘটেছে। এর মধ্যে ২৬ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১৬ হাজার ২৫০ জন প্রবেশ করেছে। আর একই সময়ে ইতালিতে আগমন ঘটেছে ২৯ হাজার ৮৪৪ জন শরণার্থী ও অভিবাসীর, যা গত বছরের এই সময়ের তুলনায় সাড়ে ১৩ শতাংশ বেশি। ইসির এই প্রতিবেদন তৈরির সময়ে গ্রিসে ৫ হাজার ৩৭৬ জন এবং ইতালিতে ১ হাজার ৫৪৯ জন অভিবাসী আশ্রয় পেয়েছে।

দ্য ইকোনমিস্ট সাময়িকীর ২২-২৮ অক্টোবর সংখ্যায় অনেক প্রত্যাশা নিয়ে শরণার্থী ও অভিবাসীদের ইউরোপে পাড়ি জমানোর সরেজমিন চিত্র তুলে ধরা হয়েছে। শরণার্থীরা নৌকায় করে বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে কীভাবে মারা যাচ্ছে, কীভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে, সেসবের বর্ণনা করা হয়েছে।
উৎপীড়ন থেকে পালিয়ে বেড়ানো কিছু লোককে তুলে নেওয়া হয় উদ্ধারকারী নৌকায়। আগের দিন উদ্ধার হওয়া হাসান নামের ১৪ বছরের এক সোমালীয় কিশোর ছিল সেখানে। যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে এসেছে সে। এখানে আসতে তার পাঁচ মাস সময় লেগেছে। এদের মধ্যে তিনজন এসেছে লিবিয়া থেকে, যাদের ঘুমাতে হয়েছিল নৌকায় পশু রাখার জায়গায়। ২০ বছর বয়সের কাইফা এসেছে লাইবেরিয়া থেকে। এ পথ পাড়ি দিতে তাকে গিনি, মালি, বুরকিনা ফাসো, নাইজার ও লিবিয়া পার হতে হয়েছে। পথে চরম ভোগান্তির শিকার হয়েছে অনেকে। সিয়েরা লিওনের ২১ বছর বয়সী তরুণ অরুণা পথে চোরাচালানকারীদের হাতে মারধরের শিকার হন। মারধরে তাঁর একটি হাত ভেঙে গেছে, শরীরের পেছন দিকে চাবুকের আঘাতের চিহ্ন। উদ্ধারকারী দল পৌঁছানোর আগে নৌকায় দুই সন্তান হারিয়ে অসহায়ের মতো বসে ছিলেন এক নাইজেরীয় নারী।
প্রতিবেদনে জানানো হয়, এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপে যেতে নৌকা বেছে নিচ্ছেন অভিবাসনে ইচ্ছুকেরা। কিন্তু কয়েক বছর ধরে সে সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। গত বছর ১০ লাখেরও বেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক প্রায় সাড়ে আট লাখ তুরস্ক থেকে গ্রিসে পাড়ি জমিয়েছে। তাদের বেশির ভাগই যুদ্ধ থেকে পালিয়ে আসা সিরিয়ার নাগরিক। হঠাৎ বিপুল সংখ্যায় শরণার্থী ও অভিবাসীদের এই অবিরাম আগমনপ্রবাহ ইউরোপে আশ্রয় দেওয়ার প্রক্রিয়ায় ধস নামিয়ে দিয়েছে।