এক নজরে নেপালের ভূমিকম্প

নেপালের ৮০ বছরের ইতিহাসে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে গত শনিবার। এরই মধ্যে দেশটিতে নিহত মানুষের সংখ্যা ৬ হাজার ২০৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে ১৩ হাজার ৯৩২ জন।
আজ শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি:
—বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে কেবলমাত্র সিনদুপালচক জেলায় মারা গেছে ১৪ শ জন।
—ভূমিকম্পের কারণে সৃষ্ট তুষারধসে হিমালয়ের পর্বতশৃঙ্গ এভারেস্টের বেস ক্যাম্পে মারা গেছেন ১৮ পর্বতারোহী।
—এই ভূমিকম্পে ভারতে ৭৫ জন মারা গেছে।
—তিব্বতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চীনে এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ২৫ জন।
—জাতিসংঘ জানিয়েছে ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
—সংস্থাটির হিসাব অনুযায়ী ২৮ লাখ নেপালি গৃহহীন হয়েছে।
—৩৫ লাখের বেশি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন।
—জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের হিসাবে ভূমিকম্পে ভয়ানক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১৭ লাখের বেশি শিশু ছিল।
—২০ টির বেশি দেশ থেকে আসা উদ্ধারকর্মীরা এই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। জাতিসংঘ জানায়, জাতিসংঘের সদস্য দেশগুলো এরই মধ্যে দুই কোটি ২০ লাখ ডলার অনুদান দিয়েছে। এ ছাড়া অনেক বেসরকারি অনুদানও এসেছে দেশটিতে।
—যুক্তরাজ্য এক কোটি ৫০ লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
—যুক্তরাষ্ট্র এক কোটি ২৫ লাখ ডলার দেওয়ার অঙ্গীকার করেছে।
—জাতিসংঘ নেপালের জন্য ৪১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছে। অন্যদিকে ইউনিসেফ চেয়েছে ৫ কোটি ৩৫ লাখ ডলার।
—জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কৃষকদের জন্য ৮০ লাখ ডলার অনুদান চেয়েছে।
—জাতিসংঘ জানিয়েছে তাঁবু, কম্বল, চিকিৎসা সরঞ্জামসহ এরই মধ্যে ৮০ টনের বেশি জরুরি পণ্য বিতরণ করা হয়েছে।
—জাতিসংঘের কোঅরডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জানায়, ২২টি দেশ থেকে আসা ৫৪টি আন্তর্জাতিক দলের ১ হাজার ৭১৯ জন ত্রাণকাজে সহায়তা করছে। এর মধ্যে ভারত থেকে আসা ১৩টি দলে রয়েছে ৫৮৫ জন।
—নেপাল সরকারের বরাত দিয়ে জাতিসংঘ জানায়, ১ লাখ ৩০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে নুয়াকত জেলায় ৩০ হাজার।
—ইন্টারন্যাশনাল রেডক্রসের হিসাবমতে সিনদুপালচকে ৪০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
—কোঅরডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জানায়, চারটি জেলায় চিকিৎসা ব্যবস্থার ৯০ শতাংশ সুযোগসুবিধা ভেঙে পড়েছে।
—সংস্থাটির হিসাবে প্রায় ১৬ শ স্কুল বিধ্বস্ত হয়েছে।
—বাণিজ্য বিষয়ক প্রতিষ্ঠান আইএইচএস গবেষণা করে দেখেছে, বিধ্বস্ত নেপালকে পুনর্গঠন খরচ পড়বে ৫০০ কোটি ডলার। যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০ শতাংশ।