এক নারী যোদ্ধার আইএস ত্যাগের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন—এ দেওয়া সাক্ষাত্কারে আইএস ছাড়ার কারণ জানান সিরিয়ার নাগরিক খাদিজা। ছবি: সিএনএনের সৌজন্যে
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন—এ দেওয়া সাক্ষাত্কারে আইএস ছাড়ার কারণ জানান সিরিয়ার নাগরিক খাদিজা। ছবি: সিএনএনের সৌজন্যে

সিরিয়া ও ইরাকে যুদ্ধরত সুন্নি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দলত্যাগী এক নারী যোদ্ধা খাদিজা। ৫ অক্টোবর মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তাঁর একটি সাক্ষাৎকার নেয়। আইএসে কেন যোগ দিয়েছিলেন, কেনই বা ছেড়ে চলে এলেন—সাক্ষাৎকারে এসব কথাই জানান খাদিজা।

২৫ বছর বয়সী খাদিজা সিরিয়ার নাগরিক। একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতেন তিনি। কিছুদিন আগে খাদিজার এক নারী আত্মীয় তাঁকে আইএসের নারী শাখা ‘খানসা ব্রিগেড’-এ যোগ দেওয়ার আহ্বান জানান। ওই আত্মীয় তাঁর স্বামীসহ সিরিয়ার রাক্কা এলাকায় বাস করেন। রাক্কা সিরিয়ায় আইএসের প্রধান ঘাঁটি এলাকা। এটি কার্যত আইএসের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে। আত্মীয়ার ডাকে সাড়া দিয়ে নিজের পরিবারসহ রাক্কায় পাড়ি জমান খাদিজা।

ওই আত্মীয়া ছাড়াও তিউনিসিয়ার এক লোকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদিজার পরিচয় হয়। ওই ব্যক্তি আইএসের সমর্থক ছিলেন। তিনি খাদিজাকে আইএসে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমরা যথাযথভাবে ইসলাম বাস্তবায়ন করতে চলেছি। এ মুহূর্তে আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, তাই আমাদের কঠোর হতে হবে।’ তিউনিসিয়ার ওই নাগরিক খাদিজাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন।

এভাবেই খাদিজা আইএসের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। ভেবেছিলেন, লড়াইয়ের মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করতে পারবেন তাঁরা।

সেই স্বপ্ন থেকে খাদিজা সড়কে আগুন জ্বালিয়েছেন, অস্ত্র হাতে তুলে নিয়েছেন ও আইএস কর্তৃপক্ষের নির্দেশ মেনেছেন। নারীদের যে শাখায় খাদিজা সদস্য ছিলেন, সেই খানসা ব্রিগেড শরিয়া মোতাবেক পোশাক না পরায় নারীদের দোররা মারত। এ সবকিছুতেই অংশ নিয়েছেন খাদিজা। তবে আইএসের নির্মমতা দেখে ধীরে ধীরে তাঁর মোহ কেটে যায়।

খাদিজা জানান, তিনি এমন ঘটনাও দেখেছেন যে যৌন সহিংসতার কারণে কোনো কোনো বিদেশি যোদ্ধার স্ত্রীকে হাসপাতালের জরুরি ওয়ার্ডে নিয়ে যেতে হয়েছে। এ ছাড়া একজন ব্যক্তির শিরশ্ছেদ করতেও দেখেছেন খাদিজা।

খাদিজা বলেন, ‘এরই মধ্যে নিশ্চুপ দর্শকের আমি যা যা দেখেছি, তা প্রত্যক্ষ করে বললাম, যথেষ্ট হয়েছে।’