এক ফ্লাইটে ১৪ হাজার কিলোমিটার!
সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুবাই থেকে বিরতিহীনভাবে ১৪ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গতকাল বুধবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবতরণ করেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও বলা হচ্ছে, এটাই বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট। খবর এএফপির।
এয়ারওয়েজনিউজডটকমে বলা হয়েছে, দুবাই থেকে অকল্যান্ডে যেতে এই ফ্লাইটটিকে যে পথ পাড়ি দিতে হয়েছে, তা ২০১৪ সালে সিডনি-ডালাস পথে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কানতাসের চালু করা ফ্লাইটের চেয়ে দীর্ঘ। সিডনি-ডালাস পথের দূরত্ব ১৩ হাজার ৮০০ কিলোমিটার।
বলা হচ্ছে, সময়ের দিক থেকেও দুবাই-অকল্যান্ড পথটি দীর্ঘ। অকল্যান্ড থেকে দুবাই যেতে এই পথে যাত্রীদের ১৭ ঘণ্টা ১৫ মিনিট উড়োজাহাজে কাটাতে হয়। তবে এই রেকর্ডের স্থায়িত্বও বেশি হবে না। কারণ, এমিরেটস শিগগির দুবাই-পানামা সিটি পথে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই পথে সময় লাগবে ১৭ ঘণ্টা ১৫ মিনিট। চলতি মাসের শেষের দিকে এই ফ্লাইট চালু করা হবে। দূরত্বের দিক থেকেও এটিকে এমিরেটস বিশ্বের অন্যতম দীর্ঘ আকাশপথ বলে বর্ণনা করেছে। এমিরেটস জানিয়েছে, সুপরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে যতটা সম্ভব কম সময়ের মধ্যেই যাত্রীদের গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। এই পথে এমিরেটসের ফ্লাইটগুলো সহজ রাস্তা বেছে নেবে।