এক বছর পর ভোট মিয়ানমারে
মিয়ানমারে আগামী বছরের অক্টোবর কিংবা নভেম্বরে সাধারণ নির্বাচন হতে পারে। গতকাল মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান তিন আয়ে এ কথা জানান। খবর এএফপির।
মিয়ানমারের বিকাশমান গণতান্ত্রিক সংস্কারের জন্য আসন্ন এ নির্বাচনকে কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, এতে দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয় পাবে। দলটি ২০১২ সালের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় সব কটি আসনে জয়ী হয়।
নির্বাচন বিষয়ে গতকাল ইয়াঙ্গুনে রাজনৈতিক দলগুলোর এক বৈঠকে কমিশন চেয়ারম্যান তিন আয়ে বলেন, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বছরের আগস্টে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সাবেক জেনারেল তিন আয়ে আরও বলেন, নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু, যাতে চৌকস ও ভালো লোকজন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।
তিন বছর আগে মিয়ানমারের জান্তা-সরকার বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে।