এক বাবার আকুতি, 'আমাকে দত্তক নেবে...আমি খুব একা'
গত ডিসেম্বরের ঘটনা। চীনের একটি ব্যস্ত শহরের বাস স্টেশনে দেখা গেল একটি প্ল্যাকার্ড। সাদা রঙের ওই কাগজে লেখা, ‘আমাকে দত্তক নেবে—এমন একজনকে খুঁজছি। আমার বয়স আশির কোঠায়, আমি খুব একা। আমি নার্সিং হোমে যেতে চাই না। আমার আশা, কোনো দয়ালু ব্যক্তি বা পরিবার আমাকে দত্তক নেবে, এই বৃদ্ধ বয়সে আমার যত্ন নেবে এবং মারা যাওয়ার পর আমার শেষকৃত্য করবে।’
দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এই প্ল্যাকার্ডটি লিখেছিলেন ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ। তাঁর নাম হান জিছিনিং। বাস স্টেশনে টাঙানো কাগজে তিনি আরও লিখেছিলেন, ‘আমি আশি বছরের বেশি বয়সী একাকী এক মানুষ। আমি বাজার করতে পারি, রাঁধতে পারি এবং নিজের দেখভালও করতে পারি। আমার বড় ধরনের কোনো রোগ নেই। তিয়ানজিনের সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট থেকে অবসর নেওয়ার পর থেকে মাসে ৯৫০ ডলার পেনশন পাই আমি।’
এসব লেখা কাগজ টাঙানোর পর নিজের বাড়ি গিয়ে অপেক্ষায় ছিলেন বৃদ্ধ হান জিছিনিং। একা থাকতে চাইতেন না তিনি। অথচ স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ জীবনই টেনে নিতে হচ্ছিল তাঁকে। তাঁর ছেলেরা কাছে ছিল না। তিনি সব কাজ নিজেই করতেন, কিন্তু এও জানতেন, একদিন তাঁর স্বাস্থ্য সত্যিই খারাপ হয়ে যাবে। এমন ভবিষ্যতের কথা ভেবেই শঙ্কিত হয়েছিলেন হান। আর সে জন্যই সঙ্গ পেতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এক সন্তান নীতি গ্রহণের কারণে চীনের জনমিতিতে একটি বিশেষ ধারা সৃষ্টি হয়েছে। এখন চীনের মোট জনসংখ্যার ১৫ শতাংশের বয়স ৬০ বছরের ওপরে। এতে দেশটির অর্থনীতি ও বিদ্যমান পারিবারিক জীবনে সংকট তৈরি হয়েছে। পুরো একটি প্রজন্ম তৈরি হয়েছে, যাঁরা বাবা-মার একমাত্র সন্তান এবং বৃদ্ধ বাবা-মার দেখভালের দায়িত্বও নিতে হয়েছে তাঁদের। আর যেসব সন্তানেরা বাবা-মার দায়িত্ব নিচ্ছেন না, সেই বৃদ্ধ বাবা-মাদের অবর্ণনীয় অবহেলার জীবন মেনে নিতে হচ্ছে। তাঁদের জন্য সরকারি ব্যবস্থাও অপ্রতুল।
হান-এর অবস্থা হয়েছিল তেমনই। তাঁকে বাস স্টেশনে প্ল্যাকার্ড লাগাতে দেখে এক স্থানীয় নারী ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। এতেই হুলুস্থুল পড়ে গিয়েছিল। তিয়ানজিনের এই ‘একাকী বৃদ্ধ দাদু’র খবর প্রচারিত হয়েছিল টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে। সেই থেকে ফোন আসা শুরু হয়েছিল হানের কাছে।
প্রথমে বেশ আশান্বিত হয়েছিলেন হান জিছিনিং। তবে সেই ঘোর কাটতেও সময় লাগেনি। অনেকে শুধু পেনশনের জন্যও হানকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। হান বুঝতে পেরেছিলেন, যেমন পরিবারের আশা করেছিলেন, তেমনটা পাওয়া যাবে না। শেষে এক ২০ বছর বয়সী শিক্ষার্থী ও এক তরুণ সামরিক কর্মকর্তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তাঁর। জীবনের শেষ তিনটি মাস ওই বন্ধুত্বের আবেশেই কেটেছে।
১৯৩২ সালে জন্ম নেওয়া হান জীবনে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছিলেন। জাপান যখন চীন আক্রমণ করেছিল, তখন তিনি ছিলেন বালক। মাও জেদং যখন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন, তখন হান সদ্য তরুণ। এত কিছু পার করে এলেও, একাকিত্বের সঙ্গে যুঝতে প্রচণ্ড ভয় পেতেন হান। একা একটি ঘরে যেন মৃত্যু না হয়-এটুকুই ছিল তাঁর শেষ আকাঙ্ক্ষা। হানের জবানিতে, ‘চীনের মানুষ আমার বয়সে সত্যিই খুব ভোগে।’
দত্তক নেওয়ার মনের মতো লোক শেষ পর্যন্ত আর পাননি হান। গত ১৭ মার্চ মারা যান তিনি। তবে কেউ একজন ছিলেন তাঁর পাশে। হানের মৃত্যুর খবরে কানাডা থেকে উড়ে আসা তাঁর ছেলে জানিয়েছেন, শেষ সময়ে ফোনে একটি অচেনা নম্বরে ফোন দিয়েছিলেন বাবা। ওই ব্যক্তিই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং শেষনিশ্বাস ত্যাগ করা পর্যন্ত সঙ্গেই ছিলেন। তবে তিনি কে, তা জানাতে পারেননি হানের ছেলে।
তা-ও ভালো! মৃত্যুর সময়ে অন্তত একা থাকতে হয়নি হান জিছিনিংকে।