এক মাস আগের পরিত্যক্ত স্যুটকেসে নারীর মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোকিও স্টেশনের লকার স্টোরেজের পাশে এক পুলিশ কর্মকর্তা। এই লকারে স্যুটকেসটি ফেলে রেখে যাওয়া হয়। ছবি: এএফপি
টোকিও স্টেশনের লকার স্টোরেজের পাশে এক পুলিশ কর্মকর্তা। এই লকারে স্যুটকেসটি ফেলে রেখে যাওয়া হয়। ছবি: এএফপি

জাপানের টোকিও স্টেশনের লকারে এক মাস আগে রেখে যাওয়া একটি স্যুটকেস থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, গত এপ্রিলে স্টেশনের লকারে স্যুটকেসটি রেখে যায় কেউ। কিন্তু নিতে না আসায় স্যুটকেসটি লাগেজ রাখার স্টোর রুমে রাখা হয়। এর মধ্যে এক মাস পেরিয়ে যায়। কেউ এই লাগেজটি নিজের বলে দাবি না করায় আজ স্টোরেজ কোম্পানি স্যুটকেসটি খোলে।
কোম্পানির একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘স্যুটকেসটি খোলার সঙ্গে সঙ্গে এর থেকে উৎকট গন্ধ বের হয়ে আসে। এর পর আমরা এর ভেতরে চুল দেখতে পাই।’
পুলিশ জানায়, পচে গলে যাওয়া লাশটি এক নারীর। তাঁর বয়স ৭০ থেকে ৯০ এর মধ্যে হবে। তাঁর উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৭০ সেন্টিমিটার লম্বা ও ৫০ সেন্টিমিটার প্রশস্ত স্যুটকেসে ওই নারীর মরদেহ হাত-পা মুড়ে ঢোকানো হয়।
পুলিশ এখনো এই নারীর পরিচয় বের করতে পারেনি। তারা রেল স্টেশনে থাকা সিসিটিভির ফুটেজ দেখে স্যুটকেসটি কে রেখে গেছে তা খুঁজে বের করছেন।
অপারেটর জেআর ইস্ট জানান, বিশ্বের ব্যস্ততম রেল স্টেশনগুলোর একটি এই টোকিও স্টেশন। এখান থেকে বছরে ১৫ কোটি যাত্রী যাতায়াত করে।