
শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের কাজ এক মাসের মধ্যেই শুরু হতে পারে। দেশটির যুক্তরাজ্য সফররত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা লন্ডনে বিবিসির সঙ্গে আলাপে এ আশা প্রকাশ করেছেন। তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর দীর্ঘ লড়াইয়ের শেষ পর্যায়ে বড় ধরনের যুদ্ধাপরাধ হয় বলে অভিযোগ রয়েছে। খবর বিবিসির।
প্রেসিডেন্ট সিরিসেনা বিবিসিকে বলেন, যুদ্ধাপরাধের অভিযোগগুলো অভ্যন্তরীণভাবে তদন্ত করা হবে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এ কাজে জাতিসংঘের তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা হবে না। সিরিসেনা আরও বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে উন্মুক্ত আলোচনার সুযোগ নেই। আর তিনি বিশ্বাস করেন না যে সত্যিই যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
শ্রীলঙ্কার সামরিক বাহিনী ২৬ বছরব্যাপী লড়াই শেষে ২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদীদের চূড়ান্তভাবে পরাজিত করে। এ যুদ্ধে দুই পক্ষই নৃশংসতা চালায় বলে অভিযোগ রয়েছে।
সরকারি বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে সিরিসেনা বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি ‘কার্যকর, ভারসাম্যপূর্ণ, বৈধ ও নিরপেক্ষভাবে’ কাজ করবে। জাতিসংঘের পরামর্শ আমলে নেওয়া হবে। কিন্তু তদন্তকাজে জাতিসংঘের প্রতিনিধিদের যুক্ত করার প্রয়োজন নেই।
যুদ্ধাপরাধের অভিযোগ প্রসঙ্গে নতুন প্রেসিডেন্ট সিরিসেনা তাঁর পূর্বসূরি মাহিন্দা রাজাপক্ষের তুলনায় ভিন্ন অবস্থান নিয়েছেন। দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে রাজাপক্ষে অত্যন্ত অনমনীয় ছিলেন। কিন্তু সিরিসেনা এ ব্যাপারে বিদেশিদের সঙ্গে আলোচনার সুযোগ কিছুটা বজায় রেখেছেন। যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের কাজ আরও ‘ফলপ্রসূ করার জন্য’ জাতিসংঘের তদন্তকারীদের পরামর্শ নেওয়া যেতে পারে বলে মত দিয়েছেন তিনি।
সিরিসেনা সাক্ষাৎকারে বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ জনসাধারণের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করবে; বিশেষ করে কোনো অভিযোগ ছাড়াই দীর্ঘদিন ধরে বন্দী তামিলদের কাছ থেকে। তাঁদের বিরুদ্ধে হয় মামলা করা অথবা মুক্তি দেওয়ার সুপারিশ করবে পরিষদ।
শ্রীলঙ্কায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে একটি দীর্ঘ প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব করার ব্যাপারে জাতিসংঘ গত মাসে রাজি হয়। তারা বলছে, শ্রীলঙ্কার নতুন সরকার এ ব্যাপারে সহযোগিতা করতে আগের সরকারের চেয়ে বেশি আগ্রহী।
সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের একসময়ের সহযোগী ও মন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তামিল ও মুসলিম সম্প্রদায়ের অনেক ভোট পেয়েছেন তিনি।