এক সন্তান নীতি থেকে সরে আসার ঘোষণা দিল চীন
চীন কয়েক দশকের বিতর্কিত ও কঠোর এক সন্তান নীতি অবসানের ঘোষণা দিয়েছে। চার দিনের বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এক ইশতেহারে এ ঘোষণা দেয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। খবর এএফপির।
অর্থনৈতিক উন্নয়নের বিবেচনায় চীন জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে এ বড় নীতিগত সিদ্ধান্ত নিল। ১৯৭০-এর দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার হাত থেকে ঠেকাতে দেশটি বাধ্যতামূলক এক সন্তান নীতি চালু করে। কিন্তু কর্মক্ষম লোকের সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পাওয়ার জন্য এখন ওই নীতিকে দায়ী করা হচ্ছে। চীনে ২০১২ সালে কর্মক্ষম বয়সের মানুষের অনুপাত কয়েক দশকের মধ্যে কমে যায়।
নতুন নীতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। কবে থেকে এ নীতি বাস্তবায়ন হবে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি। তবে সমালোচকেরা বলছেন, অনেক দেরিতে এই নীতি শিথিল করা হলো বলে তা সমাজ ও অর্থনীতিতে পড়া নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট নয়।
কর্মক্ষম লোকের সংখ্যা হ্রাস পাওয়া ছাড়াও এক সন্তান নীতির ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের জনগোষ্ঠীর বয়স বেড়ে গেছে ও লিঙ্গবৈষম্য চরম আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে চীন ওই নীতির কিছুটা সংস্কার করে। শহর এলাকার কিছু দম্পতিকে শর্ত সাপেক্ষে দ্বিতীয় সন্তান নেওয়ার অনুমোদন দেয়।