একই গণশৌচাগার ব্যবহার করবে নারী-পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী-পুরুষনির্বিশেষে ব্যবহার করতে পারবে—এমন একটি গণশৌচাগার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে চীনের সাংহাইয়ে। শৌচাগার ব্যবহারের জন্য নারীদের সারিতে দাঁড়িয়ে থাকার সময় কমিয়ে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাংহাইয়ের পুডং নিউ এরিয়ার ব্যস্ত একটি পার্কে এই গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। সেখানে নারী-পুরুষনির্বিশেষে ব্যবহার করার জন্য ১০টি পৃথক প্রকোষ্ঠ রয়েছে। আর প্রতিবন্ধীদের জন্য পৃথক প্রকোষ্ঠ রয়েছে।

১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবসে এই গণশৌচাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

এই গণশৌচাগার প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মকর্তা ফু লিপিংয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ‘এটি একটি সমস্যা যে শৌচাগারে নারীদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়।’

ওই গণশৌচাগারের প্রতিটি প্রকোষ্ঠে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করতে প্রতিটি শৌচাগারের মাঝখানের দেয়াল উঁচু করে নির্মাণ করা হয়েছে।

তবে নারী-পুরুষনির্বিশেষে ব্যবহার করতে পারে এমন আরও গণশৌচাগার নির্মাণ করার পরিকল্পনা এখনো নেই। কারণ, জনগণ এটা আদৌ গ্রহণ করবে কি না, কর্তৃপক্ষ সে ব্যাপারে নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষের এই সতর্কতার ভিত্তি রয়েছে। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর সমালোচনা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো ব্যবহারকারী বলেন, ‘আমি এ ধারণা একেবারেই সমর্থন করি না। সর্বোপরি নারী-পুরুষ তো আলাদা।’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘নারীদের জন্য শৌচাগার দ্বিগুণ করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে।’