একজন রফিকের দুই জীবন
মোহাম্মদ রফিকের বড় মেয়ের জন্ম হয় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরে। চিকিৎসক তো দূরের কথা, সামান্য অভিজ্ঞতা আছে, এমন কেউই ছিল না তাঁর স্ত্রী রাফিকার পাশে। তবুও বেঁচে থাকে তাঁর সন্তান। ঠিক বিপরীত পরিস্থিতিতে জন্মেছে রফিকের ছোট মেয়ে। এই মেয়ের জন্ম হয় আয়ারল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে। এবার সুচিকিৎসা পান তাঁর স্ত্রী।
জীবনের এই দুই ভিন্ন অবস্থার কথা গণমাধ্যমে তুলে ধরেছেন মোহাম্মদ রফিক। রফিক জানিয়েছেন তাঁর ৩১ বছর কোনো পরিচয় না থাকার গল্প—দেশহীন মানুষ হিসেবে বেঁচে থাকার নির্মমতার কাহিনি।
জন্মগতভাবে মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন তিনি। মিয়ানমারে কয়েক শতাব্দী ধরে বসবাস করলেও মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দেয়নি। রোহিঙ্গারা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের পরিচয়পত্রও দেওয়া হয় না। বর্তমানে বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গা।
এমনই একজন নিপীড়িত রোহিঙ্গা মোহাম্মদ রফিক। বেঁচে থাকার তাগিদে ১৯৯২ সালে পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে আসেন তিনি। তখন তাঁর বয়স মাত্র ১০ বছর। এখনো সেই দিনটির কথা মনে করেন রফিক। এক রাতে বাংলাদেশে আসার উদ্দেশে নৌকায় ওঠে তাঁর পরিবার।
‘আমরা প্রচণ্ড ভয়ে ছিলাম। কারণ একদিকে বার্মার সেনারা (বর্তমান মিয়ানমার), আরেক দিকে অজানা পথ।’ এভাবেই ওই দিনটির কথা মনে করেন রফিক। সীমান্ত পার হওয়ার পর শরণার্থী খাতায় নাম লেখান তাঁরা। এর পরের ১৭টি বছরের কাহিনিও কেবল কষ্টের, অসহায়ত্বের।
এখন রফিকের বয়স ৩৫ বছর। জীবনের ৩১টি বছর তাঁর কোনো পরিচয় ছিল না। মিয়ানমারে জন্মালেও কোনো দিন সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাননি। অন্যদিকে বাংলাদেশে শরণার্থী হিসেবে ছিলেন ১৭টি বছর। বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে রাফিকাকে বিয়ে করেন রফিক। রাফিকাও তাঁর মতো একজন রোহিঙ্গা শরণার্থী। ২০০৮ সালে এই শরণার্থীশিবিরেই জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান।
জাতিসংঘের শরণার্থীশিবিরের কর্মী হিসেবে কাজ করার সময় ২০০৯ সালে আয়ারল্যান্ড যাওয়ার সুযোগ হয় রফিকের। মা-বাবা ও অন্য ভাইবোনদের ছেড়ে আসতে চাননি তিনি। তবে শিবিরে সহিংসতা দিন দিন বেড়ে যাওয়ায় একদিন বাংলাদেশ ছাড়েন রফিক।
আয়ারল্যান্ড বলে কোনো দেশ আছে, তা-ই জানতেন না রফিক। কখনো পড়াশোনা করার সুযোগ হয়নি তাঁর। শরণার্থীশিবিরে আসত না কোনো সংবাদপত্রও। তিনি জানান, ‘কেউ তাঁর নিজের দেশ ছেড়ে যেতে চায় না। প্রত্যেকে নিজের দেশকে ভালোবাসে। তবে আয়ারল্যান্ডের মানুষগুলো আমাদের স্বাগত জানিয়েছিল। তারা আমাদের কষ্টটা বুঝেছিল। তারা জানত আমরা নিপীড়িত।’
২০০৯ সালে আয়ারল্যান্ডে এসে ছয় সপ্তাহে ইংরেজি ভাষা শেখেন রফিক। ২০১৩ সালে আয়ারল্যান্ডের নাগরিকত্ব পান তিনি। জীবনে প্রথম কোনো দেশের নাগরিক হিসেবে নিজের পরিচয় পেলেন। তাঁর মেয়েরা এখন ভালো স্কুলে পড়ছে। ওদের বয়স আট ও চার বছর। একটি সুস্থ-সুন্দর জীবন পাচ্ছে তারা। বর্তমানে আয়ারল্যান্ডের একটি ক্রিকেট ক্লাবের সেক্রেটারি হিসেবে আছেন রফিক। সূত্র: দ্য আইরিশ টাইমস।