একটি বইয়ের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইথ আওয়ার ওউন হ্যান্ডস বইটির প্রচ্ছদ
উইথ আওয়ার ওউন হ্যান্ডস বইটির প্রচ্ছদ

সেখানে সপ্তাহের জোড় দিনগুলো শুভ। আর বিয়েশাদি, ব্যবসাপাতির মতো ভালো কাজে মানুষ এড়িয়ে চলে বিজোড় দিনগুলোকে। সবচেয়ে পয়া দিন বুধবার। নববর্ষ উদ্‌যাপনের সময় সারা রাত ধরে চলে এক বিশেষ রান্না, আর সেই কাজ করতে পারে কেবল পুরুষেরাই!

এমন অন্য রকম জীবনাচরণ আফগানিস্তান আর তাজিকিস্তান—এ দুই দেশের সীমানাজুড়ে ছড়ানো প্রত্যন্ত পামির পার্বত্য অঞ্চলের। এলাকাটির পরিবেশ আর আবহাওয়া বিশ্বের সবচেয়ে বৈরীগুলোর একটি। কিন্তু সেখানেই দুজন লেখক-গবেষক আবিষ্কার করেছেন ‘গভীরভাবে মানবিক’ এক জায়গা আর সেখানকার রহস্যঘেরা সংস্কৃতিকে।

 উইথ আওয়ার ওউন হ্যান্ডস নামের এক আন্তর্জাতিক পুরস্কারজয়ী বই লিখে সাড়া ফেলেছেন জামিলা হায়দার ও উদ্ভিদবিদ ফ্রেডেরিক ফন উডেনহোভেন। বইটির মূল বিষয়বস্তু পামির অঞ্চলের নিজস্ব কিছু রান্নার প্রণালি। কিন্তু একে নিছক রান্নার বই বললে ভুল করা হবে। কারণ এর পাতায় পাতায় মিলবে পামিরের উত্তুঙ্গ পাহাড়চূড়া, গহিন উপত্যকা আর নিঝুম গ্রামগুলোর রূপ-রস-বর্ণ-গন্ধের আভাস। উইথ আওয়ার ওউন হ্যান্ডসকে পামির অঞ্চলের সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্য আর ইতিহাসের এক আকরগ্রন্থ বললে বাড়িয়ে বলা হবে না মোটেই।

বিচিত্র তথ্যের শেষ নেই বইটিতে। রান্নার সময় কীভাবে ঘড়ি ছাড়াই সময়ের হিসাব রাখা যায়, ফ্রিজ না থাকলেও কীভাবে দিনের পর দিন ভালো রাখা যায় মাংস, তা জানা যাবে বইটি পড়লে। উষর ওইÿপাহাড়ি অঞ্চলে জন্মে নানা মজাদার খাবার তৈরির সুস্বাদু সব উপকরণ। এর মধ্যে আছে লালচে গম রুশ কখ্ত, যার আটায় তৈরি হয় পার্সি নববর্ষ নওরোজের বিশেষ খাবার ‘বাথ’। সারা রাত রান্নার সময় ধীরে ধীরে সেই গমের মিষ্টতা ছড়িয়ে পড়ে খাবারে। রান্নার কাজে যাঁরা থাকেন, তাঁদের সঙ্গ দিতে অন্যরা চালান গান আর আড্ডার মজলিশ।

প্রথম আলোর পক্ষ থেকে ই-মেইলে যোগাযোগ করা হলে ফ্রেডেরিক জানান, গল্পটার শুরু ২০০৯ সালে। তাঁদের মতো দুই ভিনদেশির জন্য বইটি লেখার কাজটা সহজ ছিল না মোটেই। ভাষার ব্যবধান ছিল এক বড় সমস্যা।

সুইডেনের পিএইচডি শিক্ষার্থী জামিলা ও ডাচ গবেষক ফ্রেডেরিক দুজনই আলাদাভাবে কাজ করছিলেন তাজিকিস্তানে। দুজনই একসময় পামির অঞ্চলের প্রেমে পড়ে যান। ফ্রেডেরিক আর জামিলা খুব কাছ থেকেই দেখেছিলেন, কীভাবে পামিরি সংস্কৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে। নিজেদের প্রাচীন, ঐতিহ্যবাহী রান্না ছেড়ে অনেকেই ঝুঁকে পড়ছিলেন বিদেশি খাবারের দিকে। 

একদিন জামিলাদের সঙ্গে দেখা হয় এক থুত্থুড়ে বুড়ির। কথা প্রসঙ্গে বৃদ্ধা বললেন তাঁর ছেলেবেলার অনেক মজাদার রান্নার কথা। জানালেন, ওই রান্নার পদ্ধতিগুলো কোথাও লেখা নেই। তাঁর মতো প্রবীণ নারীরা চোখ মুদলেই সেগুলো চিরতরে হারিয়ে যাবে। বৃদ্ধা অনুরোধ করলেন তাঁর জানা রেসিপি অর্থাৎ রান্নার প্রণালিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিখে রাখতে।

সেই বৃদ্ধার সঙ্গে সাক্ষাতের ঠিক পাঁচ বছর পর জামিলা ও ফ্রেডেরিক ফিরে যান পামিরের সেই সব জনপদে। সঙ্গে উপহার হিসেবে বিতরণের জন্য ১ হাজার ৭০০ কপি বই! নিজেদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পাশাপাশি স্থানীয় ইতিহাস-সংস্কৃতির বিবরণ প্রথমবারের মতো স্থানীয় ভাষায় ছাপার হরফে দেখে সবাই তাজ্জব। একই সঙ্গে তাজিক, দারি আর ইংরেজি—এ তিন ভাষায় লেখা হয়েছে বইটি।

আফগানিস্তানের কথা শুনলেই লোকের চোখে ভাসে খবরে দেখা বোমা বিস্ফোরণের দৃশ্য, উষর প্রান্তরে দানবীয় ট্যাংক আর রাইফেলধারী তালেবান যোদ্ধার চেহারা। ফ্রেডেরিক আর জামিলার প্রত্যাশা, তাঁদের বইটি হয়তো তাজিকিস্তান আর আফগানিস্তানের প্রত্যন্ত গ্রাম ও শহরগুলো সম্পর্কে মানুষের ধারণা কিছুটা হলেও বদলাতে সাহায্য করবে।