একবাক্যে আইএসের হুমকির ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএসকে সত্যিকার অর্থে পরাজিত করতে ইরাক ও সিরিয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধের দরকার হবে বলে মনে করেন সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ ব্রেইন ফিশম্যান। ছবি: রয়টার্স
আইএসকে সত্যিকার অর্থে পরাজিত করতে ইরাক ও সিরিয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধের দরকার হবে বলে মনে করেন সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ ব্রেইন ফিশম্যান। ছবি: রয়টার্স

‘এটা এমন এক সংগঠন, যাদের চরম ধ্বংসাত্মক কৌশলগত লক্ষ্য আছে, তাদের পরাস্ত করতেই হবে।’
সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হুমকিকে এভাবে একবাক্যে ব্যাখ্যা করেছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্তা জেনারেল মার্টিন ডেম্পসি। চলতি সপ্তাহে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
এখন খুব স্বাভাবিকভাবেই সামনে প্রশ্ন চলে আসে, আইএসকে কীভাবে দমন করা যাবে?
মার্টিন ডেম্পসির মতে, আইএসকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের জাতীয় শক্তির সব হাতিয়ার—কূটনৈতিক, অর্থনৈতিক, তথ্য, সামরিক—ব্যবহার করতে হবে।
তবে সন্ত্রাসবাদবিরোধী বিশেষজ্ঞ ব্রেইন ফিশম্যানের মতে, আইএসকে সত্যিকার অর্থে পরাজিত করতে ইরাক ও সিরিয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধের দরকার হবে।
সিরিয়ায় হামলা ছাড়া আইএসকে পরাজিত করা সম্ভব নয় বলে পেন্টাগনে সাংবাদিকদের জানিয়েছেন ডেম্পসি।
সিরিয়ার গৃহযুদ্ধে না জড়ানোর বিষয়ে অবস্থান নেওয়া ওবামা প্রশাসনের জন্য এখানেই সত্যিকারের চ্যালেঞ্জ নিহিত।
এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সিরিয়ায় আইএসকে কীভাবে মোকাবিলা করা হবে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো নীতি নেই।
ব্রুকিংস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ শাদি হামিদ বলেন, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে ইরাক যুদ্ধকে আলাদা করার দৃষ্টিভঙ্গি পুরোপুরি অলীক। এখানেই ওবামা প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে দুশ্চিন্তা। সিরিয়ায় তাদের কোনো পরিকল্পনা নেই। কোনো লক্ষ্য নেই। ভিন্নভাবে সিরিয়াকে নিয়ে আলোচনার কোনো উদ্যোগও নেই।
ওবামা প্রশাসনের এক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, আইএসকে পরাজিত করার সবচেয়ে ভালো দীর্ঘমেয়াদি কৌশল হলো সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া। তারা একই সঙ্গে আইএস ও বাশার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে।