একসঙ্গে ৩৮০০ যুগলের বিয়ে

দক্ষিণ কোরিয়ার সমন্বিত গির্জার প্রধান কার্যালয়ে হাজারো জুটির আনুষ্ঠানিক গণবিবাহ হয়েছে। ওই চার্চের ধর্মগুরু ও প্রতিষ্ঠাতা সান মুয়ং মুনের মৃত্যুর পর তৃতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, রাজধানী সিউলের পূর্বদিকের গাপিয়েং ওই গণবিবাহে বিয়ের পোশাক পরে ৩ হাজার ৮০০ যুগল অংশ নিয়েছেন। তাঁদের অনেকেই বয়সে তরুণ।
১৯৫৪ সালে গির্জাটি প্রতিষ্ঠিত হয়। এরপর ১০ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে গণবিবাহের আয়োজন করা হয়। ১৯৬০ সাল থেকেই নিয়মিত গণবিবাহের আয়োজন করে আসছে এই গির্জা। তখন স্বল্পসংখ্যক কয়েক যুগল অংশ নিলেও দিন দিন যুগলের সংখ্যা বেড়েই চলছে।
তবে মঙ্গলবারের গণবিবাহে অংশগ্রহণকারী অধিকাংশ দম্পতিই বিবাহিত। পারস্পরিক আস্থাকে পুনরায় নতুন করতে তাঁরা এসেছেন। এ ছাড়া প্রায় ৮০০ নতুন দম্পতি এ বিয়েতে অংশ নিয়েছেন।