এখনও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনি জাপান

জাপানে করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিত হওয়ার হিসাব এখনও পর্যন্ত ঊর্ধ্বমুখী থেকে গেলেও নিয়ন্ত্রণের বাইরে তা চলে যায়নি। গতকাল মঙ্গলবার ১২৩টি নতুন সংক্রমণ শনাক্ত হওয়ার পর জাপানের রাজধানীতে আজ বুধবার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার সংখ্যা আবারও কিছুটা বৃদ্ধি পেয়ে ১৩২-এ দাঁড়িয়েছে। সংক্রমণের এই ওঠা-নামা করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়ে বিশেষজ্ঞরা এখনও নিশ্চিত নন। তবে চলতি মাসের ১৭ তারিখে সর্বোচ্চ ২০১টি নতুন সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে সংখ্যা ১০০-এর ওপরে বজায় থাকলেও ২০০-এর কাছাকাছি তা আর পৌঁছায়নি। ফলে কিছুটা আশ্বস্ত হতে পারছেন বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের নীতি নির্ধারকরাও।
প্রধানমন্ত্রী শিনজো আবে আজ ভাইরাস মোকাবেলার সরকারি টাস্ক ফোর্সের বৈঠকে রাখা বক্তব্যে প্রথমবারের মত জরুরি অবস্থা তুলে নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে এর সবটাই নির্ভর করবে আগামী কয়েক দিনে পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার ওপর। আবে সেখানে বলেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে, অর্থাৎ মে মাসের ৬ তারিখে জরুরি অবস্থা জাপান তুলে নেবে কিনা – তা নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন। সাফল্য-ব্যর্থতার উল্লেখ না করে তিনি বলেছেন, জরুরি অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বানে সাড়া পাওয়া গেলেও, ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগ ৮০ শতাংশ হ্রাস করার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি। ফলে জনগণের প্রতি আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে যোগাযোগ হ্রাসের অনুরোধ করেছেন আবে। বিশেষ করে মে মাসের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া গোল্ডেন উইক নামে পরিচিত লম্বা ছুটির সময়ে দেশের বাড়িতে ফিরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান তিনি তাদের প্রতি জানান।
এদিকে সারা দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার সংখ্যা এখন ১১ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে টোকিওতে শনাক্ত হয়েছে ৩ হাজার ৪০০টির বেশি সংক্রমণ। সারা জাপানজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন হচ্ছে ২৮৩। সংক্রমণ ও প্রাণহানি দুটোই উদ্বেগজনক হলেও যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের তুলনায় তা এখনও অনেকটাই সীমিত পর্যায়ে।
এদিকে জাপান অলিম্পিক কমিটির একজন কর্মকর্তার করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে অলিম্পিক কমিটি। কমিটি বলছে, ঊর্ধ্বতন সেই কর্মকর্তা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাঁর সংস্পর্শে আসা অন্যদের বাড়িতে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে বলা