এডিবির সম্মেলনে সমুদ্রদুষণ রোধে গুরুত্বরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজি একসময় ছিল ব্রিটেনের দূরবর্তী এক উপনিবেশ। আখের চাষের জন্য দেশটির উপযুক্ত পরিবেশ একসময় ইউরোপীয় বণিকদের নজরে এসেছিল দেশটি। সেই থেকে তৎকালীন বিশ্বের অন্যতম আকর্ষণীয় এক পণ্য হিসেবে গণ্য চিনি উৎপাদনের জন্য আখ চাষে নিয়োজিত হয়েছিল ঔপনিবেশিক শাসকেরা। আর ইউরোপীয় বণিকেরা যেহেতু নিজেরা কোমর বেঁধে হালচাষে নেমে পড়াকে নিচু চোখে দেখে থাকেন, তাই চাষের কাজে দক্ষ অথচ প্রভুর প্রতি অনুগত সস্তা শ্রমিকের প্রয়োজনীয়তা অনুভব করেন। সে জন্য ভারত থেকে তাঁরা নিয়ে এসেছিলেন বেশ কয়েক হাজার শ্রমিক। পরবর্তীতে ঔপনিবেশিক শাসকেরা ফিজি ছেড়ে চলে গেলেও তাদের নিয়ে আসা ভারতীয় বংশোদ্ভূতরা সেখানেই থেকে যান এবং ফিজিকে তাঁরা নিজের দেশ হিসেবে গ্রহণ করেন।

ফলে এ যুগের ফিজি হচ্ছে মাইক্রোনেশীয়-পলিনেশীয় আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূতদের সমন্বয়ে গড়ে ওঠা এক মিশ্র জাতিসত্তা। সাম্প্রদায়িক বিভেদের কালো ছাপ রাজনৈতিক স্বার্থান্বেষীদের মদদপুষ্ট হয়ে মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে উঠলেও সমাজের গভীরে সেভাবে তা প্রবেশ করতে পারেনি। ফলে রাজনীতির পাশাপাশি আমলাতন্ত্র ও ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ানদের উপস্থিতি চোখে পড়ার মতো। এদের অনেকেই নিজেদের এখন আর সেভাবে নিজেদের ভারতীয় বলে মনে করেন না।

ঠিক এ কথাই বলছিলেন ফিজির তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হালিতেশ দাত। নাম থেকে সহজেই বুঝে নেওয়া যায় ভারতীয় দত্ত, এখন হয়ে উঠেছেন পুরোপুরি দাত। তিনি জানালেন, চার পুরুষ আগে তাঁর পরিবারের আদি সদস্যরা ভারত থেকে এলেও এখন তাঁরা হচ্ছেন ফিজির নাগরিক এবং ফিজি হচ্ছে তাঁদের দেশ। এদের এই মনোবৃত্তি ফিজির সংস্কৃতিকেও নানাভাবে প্রভাবিত করে চলেছে। ফলে ফিজির সাংস্কৃতিক উপস্থাপনায় আদিবাসী জনগোষ্ঠীর সম্মিলিত নাচ-গানের পাশাপাশি ভারতীয় নাচ-গানের প্রভাবও সহজেই চোখে পড়ে। এশীয় উন্নয়ন ব্যাংকের ৫২তম বার্ষিক সম্মেলনে স্বাগতিক দেশের আয়োজিত অনুষ্ঠানে এই দিকটির উপস্থাপনাও বাদ যায়নি। ফলে খুবই প্রাণবন্ত হয়ে উঠেছিল সেই অনুষ্ঠান।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সব কটি সদস্য দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের যোগ দেওয়ার মধ্যে দিয়ে আজ ফিজিতে শেষ হচ্ছে তিন দিনের সম্মেলন। দ্বিপক্ষীয় আলোচনায় বেশ কিছু নতুন প্রকল্প ও প্রকল্পের ব্যয় সংকুলানের জন্য ঋণ অনুমোদনের বাইরে এবারের সম্মেলনের প্রধান একটি দিক ছিল সমুদ্রদূষণ এবং দূষণ মোকাবিলার পদক্ষেপের ওপর আলোকপাত। সমুদ্রের স্বাস্থ্য রক্ষার একটি কর্মপরিকল্পনার জন্য ৫০০ কোটি ডলার অনুমোদনের মধ্যে দিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত চোখের আড়ালে থেকে যাওয়া এই সমস্যার দিকে নজর দিতে শুরু করেছে।

ব্যাংকের পরিচালনা বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ফিজির প্রধানমন্ত্রী জোসাইয়া ভোরেক বাইনিমারামা বলেছেন, এ রকম ভুল ধারণা করা ঠিক হবে না যে জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা হচ্ছে শুধু ফিজির মতো বিচ্ছিন্ন দেশগুলোর সমস্যা। ঝড়ের প্রচণ্ডতা বৃদ্ধি, সাগরের উচ্চতা বেড়ে যাওয়া এবং জলবায়ুর গতানুগতিক ধারায় ঘটতে থাকা রদবদলের মতো জটিলতার পরিণামের হাত থেকে কোনো দেশ কিংবা কোনো জনগোষ্ঠীকেই রেহাই পাবে না। ফলে, এই হুমকি মোকাবিলা এখন হচ্ছে সময়ের দাবি।

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এডিবির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও তাঁর বক্তব্যেও একই সতর্কতা উচ্চারণ করেন। নাকাও বলেছেন, এডিবির ২০৩০ সাল পর্যন্ত বিস্তৃত কর্মপরিকল্পনায় দারিদ্র্য বিমোচন, লিঙ্গসমতা ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা সামাল দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এর বাইরে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যেখানে প্রয়োজন, সে রকম একটি সমস্যা হিসেবে সমুদ্রের স্বাস্থ্য রক্ষা এবং টেকসই পর্যটনকে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

এক বছর পর এডিবির নীতিনির্ধারকদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে।