এডেনে প্রবেশ করেছে সৌদি জোটের সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেনে প্রবেশ করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের শত শত সেনাসদস্য। একটি সামরিক সূত্র এ খবর দিয়েছে। খবর এএফপির।
ইয়েমেনের রাজধানী সানাসহ বেশির ভাগ এলাকা দখল করে নেওয়া ইরান-সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গত মার্চ থেকে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি জোট। তবে এখন পর্যন্ত তারা স্থল অভিযানে যায়নি। এর পরিবর্তে সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট আবদেরাব্বো মানসুর হাদির পক্ষের বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছিল তারা।
সামরিক সূত্রটি জানায়, মুক্ত এডেনে গত রোববার ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করে জোটের সেনারা। এর বেশি কিছু জানায়নি সূত্রটি। তবে সৌদি আরবের আল-হায়াত পত্রিকার খবরে গতকাল সোমবার জানানো হয়, মোট দেড় হাজার সেনাসদস্য এডেনে পৌঁছেছে, যার মধ্যে বেশির ভাগই সংযুক্ত আরব আমিরাতের। দেশটি সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অংশ।
সমঝোতার জন্য হুতিরা প্রস্তুত: হুতি বিদ্রোহীদের প্রধান আবদুল মালিক আল-হুতি বলেছেন, ইয়েমেনের নির্বাসিত সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতার জন্য তাঁরা প্রস্তুত। আরব কিংবা আন্তর্জাতিক যেকোনো পক্ষ সমঝোতার উদ্যোগ নিলে বিদ্রোহীরা স্বাগত জানাবে।