এডেনের কেন্দ্রে হুতিরা, বন্দরে নেমেছে 'সেনা'
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর এডেনের কেন্দ্রস্থল ও দেশত্যাগ করা প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির প্রাসাদ গতকাল বৃহস্পতিবার দখল করে নিয়েছে শিয়া হুতি বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা এ কথা বলেছেন। এর পরপরই এডেন বন্দরে কয়েক শ সেনা জাহাজ থেকে নেমেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে এসব সেনার পরিচয় নিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ধরনের কথা শোনা গেছে। এদিকে ইয়েমেন থেকে ছোড়া গুলিতে গতকাল সৌদির একজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এক সপ্তাহব্যাপী সংঘাতে সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার প্রথম ঘটনা এটি। খবর এএফপি ও রয়টার্সের।
বন্দরনগর এডেন ছিল সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির অনুগত বাহিনীর শেষ শক্ত ঘাঁটি। সপ্তাহ খানেক আগে এডেন থেকে পালিয়ে সৌদি চলে যান হাদি।
এডেনের কেন্দ্রস্থলের ক্রেটার এলাকার অধিবাসীরা বলছেন, ব্যাপক লড়াইয়ের পর হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার সকালে এলাকাটির দখল নেয়। দখলের পর হুতি ও তাদের সমর্থক বাহিনীর ট্যাংক এবং সেনারা ফাঁকা রাস্তায় চলাফেরা করছে। ইয়েমেনে আরব বাহিনীর হামলা শুরু হওয়ার পর এই প্রথম এত বড় মাত্রার সম্মুখযুদ্ধ হলো। ক্রেটারের অধিবাসী ফারুক আবদু বলছিলেন, ‘ব্যাপক গোলাগুলির ফলে মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট একেবারে শূন্য। মনে হচ্ছে যেন কারফিউ জারি হয়েছে।’ চিকিৎসাসেবা দেওয়ার সঙ্গে যুক্ত কর্মীরা বলেছেন, এডেনে সহিংসতায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে।
এদিকে ইয়েমেন সরকারের একজন কর্মকর্তা বলেছেন, এডেন বন্দরে গতকাল কোনো স্থল সেনা নামেনি। বন্দরের একজন কর্মকর্তা বলেন, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি জাহাজ থেকে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা নেমেছে। অন্যদিকে সৌদি সরকারের একজন উপদেষ্টা তাঁর দেশের বিশেষ সেনা নামার খবর অস্বীকার করে বলেন, যারা জাহাজ থেকে নেমেছে তারা ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহর সালেহর পক্ষের সেনা। উল্লেখ্য, সালেহ হুতিদের পক্ষ নিয়েছেন।
এডেনের কেন্দ্রস্থলে হুতিদের অবস্থান নেওয়া আরব বাহিনীর ক্রমাগত আক্রমণের ওপর একধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। গত ২৬ মার্চ থেকে ইরানপন্থী হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে। গত বুধবার হুতি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন আল মাসেরায় বলেন, ‘এডেনের লড়াই প্রমাণ করেছে, সৌদি আরবের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়েছে।’
হাদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন আবদুল্লাহ হুতিদের রুখতে স্থলবাহিনী পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছিলেন। হুতিরা ছয় মাস আগে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের অনুগত বাহিনীর সহায়তায় রাজধানী সানা দখল করে নেয়।
এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে সেনা পাঠানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল পার্লামেন্টের দুটি কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন। সৌদি আরব ওই বাহিনীতে যোগ দিতে পাকিস্তানের প্রতি অনুরোধ জানিয়েছে।