এডেনের গভর্নরকে হত্যার দায় স্বীকার আইএসের
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেনের গভর্নরকে হত্যার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ রোববার গাড়িবোমা হামলা নিহত হন গভর্নর জাফর মোহাম্মদ সাদ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বিবৃতিতে আইএস দাবি করেছে, গভর্নর জাফর সাদের গাড়িবহরে তারাই হামলা চালিয়েছে। এই হামলায় জাফর সাদ ছাড়াও তাঁর আটজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে দাবি করে আইএস।
ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা এডেনের নিরাপত্তা প্রধান জেনারেল মোহাম্মদ মুসাদের বিবৃতির বরাত দিয়ে গভর্নর জাফর সাদ নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। ওই বিবৃতিতে জানানো হয়, ভয়াবহ ওই হামলায় গভর্নর ছাড়াও তাঁর ছয়জন দেহরক্ষী নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিস্ফোরণে বিধ্বস্ত ও আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি এডেনের প্রধান সড়কের পাশে পরে রয়েছে।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে দেশটির আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারের লড়াই চলছে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গত জুলাইয়ে হুতি বিদ্রোহীদের কাছ থেকে এডেন পুনর্দখল করে সরকারি বাহিনী।
জাফর সাদকে সম্প্রতি এডেনের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ইয়েমেনের আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত প্রেসিডেন্ট মনসুর হাদির ঘনিষ্ঠ বলে পরিচিত। বিদ্রোহীদের হামলার মুখে মনসুর হাদি সৌদি আরব চলে যেতে বাধ্য হন। সাত মাস নির্বাসন শেষে গত মাসে দেশে ফেরেন তিনি।