এনএসজি ইস্যুতে ভারতের বিপক্ষেই থাকছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার্স সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে বিরোধিতা অব্যাহত রাখবে চীন। সেই সঙ্গে জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে নয়াদিল্লির তৎপরতায়ও দেশটি কোনো সমর্থন দেবে না।
এ সপ্তাহের শেষ দিকেই গোয়ায় বসছে উঠতি অর্থনীতির পাঁচ দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের সম্মেলন। এ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হবে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর আগেই এনএসজি ও মাসুদ আজহার ইস্যুতে ভারতকে সমর্থন না দেওয়ার বিষয়ে আবারও ইঙ্গিত দিল বেইজিং।
এনএসজি ইস্যুতে নিজের দেশের অবস্থানের ব্যাখ্যায় চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি বাডো বলেছেন, ‘জোটে সদস্য হওয়ার ক্ষেত্রে যে আইনি বাধ্যবাধকতা, সে ব্যাপারে চীন একা সিদ্ধান্ত নেয়নি। ভারতের সঙ্গে ঐক্য গড়তে আলোচনার জন্য আমরা প্রস্তুত। সেই সঙ্গে আশা করছি, তারা একইভাবে এনএসজির অন্য সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গেও আলোচনা করবে।’
পরমাণু প্রযুক্তি সরবরাহকারী ৪৮ দেশের জোট এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে বরাবরই বিরোধিতা করে চীন বলেছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনটিপি) স্বাক্ষর না করা একটি দেশ কিছুতেই এনএসজির সদস্য হতে পারে না। গত জুনে কয়েকটি সদস্য রাষ্ট্রকে নিয়ে বিশেষ তৎপরতাও চালায় দেশটি।
আর মাসুদ আজহার ইস্যুতে লি বাডো বলেন, ‘সন্ত্রাস দমনের নামে কারোই রাজনৈতিক ফায়দা অর্জনের চেষ্টা করা উচিত নয়।’
তবে ভারতের অভিযোগ, গত জানুয়ারি মাসে পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে এবং গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পেছনে জইশ-ই-মোহাম্মদের হাত রয়েছে। আল-কায়েদা কিংবা ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে এ সংগঠনের নেতা মাসুদ আজহারের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ দেশটির।
এর আগেও মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের দুই দফার চেষ্টায় বিরোধিতা করে চীন। এর মধ্যে গত এপ্রিলে ভারতের আবেদনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের একমাত্র সদস্য হিসেবে চীন ভেটো দেয়। বেইজিংয়ের উভয় পদক্ষেপই ইসলামাবাদের সঙ্গে মিত্রতার কারণে বলে মনে করছে নয়াদিল্লি।
গত সপ্তাহেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছিলেন, চীনের অবস্থানের বিষয়টি তাঁর দেশ নতুন করে বিবেচনা করতে বলবে।