এনএসজিতে উঠেছে ভারত প্রসঙ্গ
পরমাণু প্রযুক্তি সরবরাহকারী জোট বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) অন্তর্ভুক্তির ব্যাপারে ভারতের সর্বাত্মক প্রচেষ্টা কিছুটা হলেও ফল দিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলমান ৪৮ সদস্যের এ জোটের প্রথম দিনের আলোচনায় ভারত প্রসঙ্গ উঠেছে। গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এনএসজির দুই দিনের এ সম্মেলন।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্স প্রকাশ্যে এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে সমর্থনের কথা বললেও চীনসহ বিরোধী দেশগুলোর অনড় অবস্থানের কারণে বিষয়টি এখনো অনিশ্চিত। তবে প্রথম দিনের আলোচনায় প্রসঙ্গটি ওঠায় চীনের অবস্থানে শিথিলতারও ইঙ্গিত মিলেছে।
এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির দাবি আরও জোরদার করতে সিউলে অবস্থান করছেন দেশটির পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। সেখানে তিনি নিবিড়ভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। সেই সঙ্গে উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের এক ফাঁকে গতকাল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির পথে সবচেয়ে বড় বাধা চীন হলেও বিরোধিতাকারী দেশগুলোর তালিকায় তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডও রয়েছে। তাদের যুক্তি, আন্তর্জাতিকভাবে পরমাণু বিস্তার রোধে যে এনটিপি চুক্তিকে আইনি ও রাজনৈতিক ভিত্তি হিসেবে মনে করা হয়, তাতে স্বাক্ষর করেনি ভারত।
সর্বসম্মত সিদ্ধান্তে চলা এনএসজির বৈশিষ্ট্য। কাজেই ভারতের অন্তর্ভুক্তির ব্যাপারে কোনো সদস্যরাষ্ট্রের ‘না ভোট’ দেশটির জন্য দুঃসংবাদই বয়ে আনবে। তাই পরমাণু প্রযুক্তি সরবরাহকারী এই জোটের সব কটি সদস্যের সমর্থন আদায়ে শেষ মুহূর্তে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। নয়াদিল্লির দাবি, সমর্থন চেয়ে ২৩ সদস্যের সঙ্গে যোগাযোগ করে ২১ সদস্যের কাছ থেকেই ইতিবাচক সাড়া মিলেছে। বাকি দেশগুলোর সমর্থন আদায় করতে পারলেই অভিজাত এই গ্রুপে ঢুকে পড়বে ভারত।