এনএসজিতে ভারতকে নিতে 'বিস্তর মতভিন্নতা' আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে ‘বিস্তর মতভিন্নতা’ আছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওং লি তাঁদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন। বিষয়টি নিয়ে আরও আলোচনা দরকার বলে মন্তব্য করেছে দেশটি।
৪৮টি রাষ্ট্রের সংগঠন এনএসজিতে ভারতের সদস্যপদের সবচেয়ে বড় বিরোধিতাকারী হচ্ছে তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীন। কূটনৈতিক নানা সূত্রের দাবি, চীন ছাড়াও ভারতের বিরোধিতাকারীদের মধ্যে আছে নিউজিল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের সদস্য হওয়ার বিষয়ে এসব দেশের অবস্থান আগের চেয়ে অনেক নরম হয়ে পড়েছে। ভারতকে সদস্য হিসেবে মেনে নিতে চীনের ওপর জোর চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের অবস্থানে তাতে কোনো পরিবর্তন হয়নি। গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার ভিয়েনায় এনএসজির বৈঠকে ভারতের সদস্য হওয়ার বিষয়ে জোর বিরোধিতা করে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওং লি বলেন, ‘এনপিটির স্বাক্ষরকারী নয় এমন দেশের এনএসজিতে যোগ দেওয়া নিয়ে ব্যাপক মতভিন্নতা আছে। এনপিটির স্বাক্ষরকারী নয় এমন দেশের এনএসজিতে যোগ দেওয়ার বিষয়ে চীন সব সময়ই মনে করে, এ নিয়ে যথেষ্ট আলোচনার দরকার আছে। আর আলোচনার মাধ্যমে একটি মতৈক্যে পৌঁছানোর পরই কেবল এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’
ওং লি বলেন, আগামী দিনে আলোচনার ভিত্তিতে এনপিটির স্বাক্ষরকারী নয় এমন দেশের এনএসজির সদস্য হতে চীন সমর্থন দিতে পারে।
চীনসহ এনএসজিতে ভারতের সদস্যপদের বিরোধিতাকারীদের একটি বক্তব্য হচ্ছে, এর ফলে ভারতের প্রতিবেশী পাকিস্তান ক্ষুব্ধ হবে। ২০ জুন সিউলে এনএসজির পরবর্তী বৈঠক। কূটনীতিকেরা বলছেন, ভারতের পক্ষে যুক্তরাষ্ট্র তাদের তদবির অব্যাহত রেখেছে।