এনএসজিতে ভারতের সদস্য হওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু সরবরাহ গোষ্ঠীতে (এনএসজি) ভারতের সদস্য হওয়ার বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত বৈঠকেও কোনো সিদ্ধান্ত হলো না। মূলত চীনের প্রবল বিরোধিতায় ৪৮ সদস্যের এ সংগঠনে ভারতের সদস্য পদ ঝুলে রইল।
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী নয় ভারত, তাই তাকে সদস্য পদ দেওয়া যাবে না—এই যুক্তি তুলে ধরেই চীন এই বিরোধিতা করে। এ বিরোধিতায় চীনের সঙ্গে শামিল হয় অন্তত ১০টি দেশ। যদিও ভারতের সদস্য পদের বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ, ফ্রান্সসহ বেশির ভাগ দেশের সমর্থন ছিল। তবে গতকালের বৈঠকে সুইজারল্যান্ড তাদের অবস্থান পরিবর্তন করে। এর আগে ভারতের প্রতি সমর্থন দিলেও শেষে তারা বিরোধীদের শিবিরে ভিড়ে যায়। এনএসজিতে চীনের প্রতিনিধিত্বকারী ওয়াং কুন ভারতের সদস্য পদের প্রবল বিরোধিতায় নামেন। চীনের ডিপার্টমেন্ট অব আর্মস কন্ট্রোলের পরিচালক কুন বৈঠকের পর বলেন, এনপিটিতে স্বাক্ষরকারী নয় ভারতের মতো এমন দেশের সদস্য পদ নিয়ে কোনো ঐকমত্য হয়নি। তিনি বলেন, এনএসজির সদস্য হতে গেলে এনপিটিতে অবশ্যই স্বাক্ষর করতে হবে।
ভারতের সদস্যপদের বিষয়ে চীনের এই অবস্থান একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে। তা হলো, তাসখন্দে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এই প্রতিবেশী দেশটির কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাননি।