পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠীতে (এনএসজি) সদস্যপদ না পাওয়ার জন্য চীনকে ‘মিথ্যা অপবাদ’ না দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। চীনের রাষ্ট্রায়ত্ত গ্লোবাল টাইমস পত্রিকায় প্রকাশিত এক সম্পাদকীয়তে এ আহ্বান জানানো হয়। চীন এতে তাদের অবস্থান সম্পর্কে ‘ভুল ধারণা’ বাদ দিতেও বলে ভারতকে।
গ্লোবাল টাইমস পত্রিকার নিবন্ধে বলা হয়, ‘চীনের অবস্থানের ভুল ব্যাখ্যা না করে ভারতের উচিত আন্তর্জাতিক আস্থা অর্জনে সচেষ্ট হওয়া।’
দক্ষিণ কোরিয়ার সিউলে সম্প্রতি অনুষ্ঠিত এনএসজির বৈঠকে চীনের নেতৃত্বেই আন্তর্জাতিক জোটটিতে ভারতকে সদস্যপদ দেওয়ার বিরোধিতা করা হয় বলে অনেকের ধারণা। সে সময় গ্লোবাল টাইমস-এ ‘চীনের বিরোধিতার’ সপক্ষে একের পর এক নিবন্ধ ছাপা হয়। সর্বশেষ নিবন্ধে ভারতীয় জনগণের পাশাপাশি দেশটির গণমাধ্যমের প্রতিও অঙ্গুলিনির্দেশ করা হয়েছে। বলা হয়, সিউলে গত মাসের এনএসজির বৈঠকের ফলাফল ভারতের জনগণ দৃশ্যত সহজভাবে মেনে নিতে পারেনি। ভারতের বেশ কিছু গণমাধ্যম এর জন্য শুধু চীনকেই দায়ী করে। তারা দাবি করে যে ভারত-বিরোধিতা এবং পাকিস্তানের পক্ষে থাকার কারণেই চীন এনএসজিতে ভারতের সদস্যপদের বিরোধিতা করেছে।
গত সপ্তাহে এই একই পত্রিকায় আরেক নিবন্ধে ভারত এবং ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বলা হয়, ভারতীয় জাতীয়তাবাদীদের ভালো আচরণ শেখা উচিত। তারা এখন বিশ্বের বড় শক্তি হতে চায়। বড় শক্তিগুলো কীভাবে তাদের খেলা খেলে সে সম্পর্কে তাদের ধারণা থাকা দরকার। নিবন্ধে ভারতীয়দের ‘আত্মকেন্দ্রিক’ অভিহিত করা হয়।
এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি কেন উচিত নয়, সে বিষয়েও পত্রিকাটির গতকালের নিবন্ধে যুক্তি তুলে ধরা হয়। আর সেখানে ফিরে আসে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির কথা। বলা হয়, নিয়ম অনুযায়ী এনএসজির সদস্য হতে হলে এনপিটিতে যোগ দেওয়া অপরিহার্য। কিন্তু ভারত এর সদস্য নয়। চীন বলছে, অন্য কয়েকটি দেশও এই বিধি ভেঙে ব্যতিক্রম করে ভারতকে এনএসজির সদস্য করার বিরোধী।
একাধিক সংবাদপত্র লিখেছে, এনএসজির ৪৮ সদস্যের মধ্যে ৪৭টিই ভারতের আবেদন গ্রহণ করেছে। তবে চীনের সংবাদপত্রগুলোর দাবি, ১০টি দেশ ভারতের সদস্যপদের বিরোধিতা করেছে।