এনপিটি চুক্তি সই না করাই বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির ‘বিরোধিতায়’ নিজের পক্ষে যুক্তি তুলে ধরেছে চীন। দেশটি বলেছে, তার এ বিরোধিতা ভারত বা পাকিস্তান বলে নয়। এতে যোগদানে ভারতের জন্য প্রত্যক্ষ বাধা হচ্ছে দেশটির পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) বা এ-সংক্রান্ত অন্য কোনো আঞ্চলিক চুক্তিতে সই না করা।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গতকাল মঙ্গলবার এনএসজির পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এ বৈঠকে ভারতের সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এর প্রাক্কালে গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, ‘আমরা ভারত বা পাকিস্তান কাউকে লক্ষ্যবস্তু করছি না। আমরা কেবল এনপিটিকে বিবেচনায় ধরছি।’ চীনা মুখপাত্র জোরের সঙ্গে বলেন, নতুন সদস্যদেশকে অনুমোদন দেওয়ার বিষয় গতকালের বৈঠকের আলোচ্যসূচিতে নেই।
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা গ্লোবাল টাইমস-এর উপসম্পাদকীয়তে গতকাল অনুরূপ অভিমত প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, চীনের বিরোধিতার আরেকটি কারণ, ভারত ও পাকিস্তান উভয় দেশ ‘অবৈধ’ পরমাণু শক্তির অধিকারী। তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটি কার্যকর হওয়ার পর এ অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতের এনএসজিতে অন্তর্ভুক্তির ব্যাপারে নরওয়ে, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ‘অনিচ্ছার’ কথাও উল্লেখ করা হয় উপসম্পাদকীয়তে।
গত রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, ভারত এ বছরের মধ্যে এনএসজির সদস্য হবে বলে তাঁরা আশা করছেন। এতে ভারতের অন্তর্ভুক্তির চেষ্টায় চীনের কোনো আপত্তি আছে বলে তাঁরা মনে করেন না। সুষমা বলেন, চীন শুধু প্রক্রিয়ার বিষয় নিয়ে কথা বলছে। পাকিস্তান এনএসজিতে যুক্ত হতে চাইলে ভারত তাতে আপত্তি জানাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের কিছু সরকারি সূত্র বলেছে, এনএসজিতে প্রবেশের চেষ্টায় চীনের সমর্থন পেতে গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর অঘোষিত সফরে বেইজিং যান। শেষ চেষ্টা হিসেবে সিউলও সফর করার কথা ছিল তাঁর।
চীন আরও বলছে, ভারত যদি এনএসজিতে অন্তর্ভুক্ত হয়, তবে পাকিস্তানও একই বিবেচনার অধিকার রাখে। গ্লোবাল টাইমস পত্রিকায় ভারতের বৈরী প্রতিবেশী পাকিস্তানের পক্ষে কথা বলা হয়। এতে বলা হয়, অতীতে পাকিস্তান থেকে বিদেশে যে পরমাণু প্রযুক্তি পাচার করা হয়, সেটার জন্য দেশটির সাবেক প্রধান পরমাণুবিজ্ঞানী আবদুল কাদের খান দায়ী। সেটা পাকিস্তান সরকারের কোনো আনুষ্ঠানিক নীতি ছিল না।
সিউলের বৈঠকে এনএসজির নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি আলোচ্যসূচিতে নেই, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ মন্তব্যের কয়েক ঘণ্টা পর এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা ও সমর্থন করার জন্য এ গ্রুপের সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের কিছু সূত্র বলেছে, বিরোধিতা করা দেশগুলোকে পক্ষে আনতে সর্বাত্মক চেষ্টা শুরু করেছে নয়াদিল্লি। আগামীকাল বৃহস্পতিবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের বাইরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক এ চেষ্টায় আশার বার্তা বয়ে আনতে পারে।
ভারতের দাবি, এনএসজির ২৩ সদস্যের ২১টিই তার সদস্যপদ লাভের চেষ্টাকে সমর্থন করছে। সর্বসম্মত সিদ্ধান্তে চলা এই গ্রুপের বৈশিষ্ট্য। তাই এর একটি সদস্যও যদি না ভোট দেয়, তবে ভারতের যোগদানের স্বপ্ন ভঙ্গ হবে।