এপ্রিলে আইসিসির সদস্য হচ্ছে ফিলিস্তিন
ফিলিস্তিন আগামী এপ্রিলের প্রথম দিনটিতেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য হবে। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মহাসচিব বান কি মুন এ কথা নিশ্চিত করেছেন। জাতিসংঘের তথ্য কার্যালয় গতকাল বুধবার এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
আইসিসিতে যোগ দেওয়ার লক্ষ্যে সম্প্রতি নেদারল্যান্ডসের দ্য হেগে রোম সনদে স্বাক্ষর করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরপর গত শুক্রবার এ-সংক্রান্ত প্রস্তাবটি জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো হয়। তখন ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়, বান কি মুন অনুমতি দিলেই প্রস্তাবটি আইসিসিতে পাঠানো হবে।
আইসিসির সদস্য হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করার সুযোগ পাবে স্বাধীনতাকামী ফিলিস্তিন। মহাসচিব জানান, জাতিসংঘ এ-সংক্রান্ত নথিগুলোর জিম্মাদারের দায়িত্ব পালন করেছে।
বিশ্লেষকেরা মনে করছেন, ফিলিস্তিনের এ পদক্ষেপ নিজেদের বিরুদ্ধে ইসরায়েলের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন ও তেলআবিব এই উদ্যোগের বিরোধিতা করে বলেছে, এতে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি সম্পাদনের পথ বিঘ্নিত হবে।