এফপিআইর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইন্দোনেশিয়া সরকার
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার খ্রিষ্টানধর্মাবলম্বী গভর্নর বাসুকি তিজাহাজা পুরনামার বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ করা কট্টরপন্থী সংগঠন দ্য ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের (এফপিআই) রাশ টানতে চাইছে দেশটির সরকার। তবে পর্যবেক্ষকেরা মনে করছেন, সরকারের কারও কারও সঙ্গে এফপিআইর যোগসূত্র থাকায় কাজটি সহজ হবে না।
ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট সংগঠন হিসেবে প্রান্তিক এবং এর খুব কম সমর্থক থাকলেও এটি ক্রমশ ইন্দোনেশিয়ায় উগ্র ইসলামপন্থীদের প্রতিনিধিত্বকারী হয়ে উঠছে।
বাসুকি পুরনামা ২০১৪ সাল থেকে জাকার্তার মেয়র। কিছুসংখ্যক ইসলামপন্থী গোষ্ঠী তাঁকে পরবর্তী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা ধর্মীয় একটি ব্যাখ্যা দিয়ে বলেছে, মুসলিমরা কোনো অমুসলিম শাসকের অধীনে থাকতে পারে না।
তবে ইন্দোনেশিয়ার অনেক ইসলামি ব্যক্তিত্ব এই ব্যাখ্যার বিরোধিতা করেছেন। গভর্নর বাসুকি বলেছিলেন, যাঁরা পবিত্র কোরআনের আয়াতের নিজস্ব ব্যাখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবহার করছেন, তাঁরা জনগণকে বিভ্রান্ত করছেন।
বাসুকির এই মন্তব্যের পর কট্টরপন্থীরা তাঁর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তোলেন। গভর্নর পরে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও এফপিআই তাদের আন্দোলন অব্যাহত রাখছে।
বাসুকি পুরনামা জাকার্তার প্রথম চীনা বংশোদ্ভূত খ্রিষ্টান গভর্নর।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যা-অধ্যুষিত দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এফপিআইর কার্যক্রমে ক্ষুব্ধ। তিনি এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন পুলিশকে।
দলটির নেতা রিজিয়েক শিহাবের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সুকর্ন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সরকার মনে করছে, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে।