এবার ইরানের বিমান বিধ্বস্ত, নিহত ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস পার না হতেই আবারও যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এবার ৪৮ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে ইরানের একটি অভ্যন্তরীণ বিমান। এ ঘটনায় আরোহীদের অন্তত ৩৯ জন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। এ নিয়ে গত এক মাসে বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রীবাহী তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। খবর বিবিসি, এএফপি ও আল-জাজিরার।
সর্বশেষ এ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার আগে গত ২৩ জুলাই তাইওয়ানে বিধ্বস্ত হয় ট্রান্সএশিয়া এয়ারওয়েজের উড়োজাহাজ। গত ১৭ জুলাই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় মালয়েশিয়ার একটি উড়োজাহাজ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাজধানী তেহরানের পশ্চিমে গতকাল রোববার স্থানীয় সময় সকাল নয়টা ১৮ মিনিটে ছোট আকারের আন্তোনভ অ্যান-১৪০ যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি মেহরাবাদ বিমানবন্দর থেকে ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস শহরের উদ্দেশে উড্ডয়ন করার কয়েক মুহূর্ত পরই বিমানবন্দরটির কাছে এক আবাসিক এলাকায় আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি দেয়াল ও কিছু গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তকাজ শুরু হচ্ছে। বিমানটির পরিচালনার দায়িত্বে ছিল সেপাহান এয়ারলাইনস।
উড়োজাহাজটিতে ৪০ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিহত যাত্রীদের মধ্যে শিশু রয়েছে পাঁচজন। আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দুজনের অবস্থা সংকটাপন্ন।
ইরানের একাধিক বার্তা সংস্থার খবরে বলা হয়, তেহরানের আজাদি এলাকায় বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটি। সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহৃত কয়েক শ বাড়ির কাছেই বিধ্বস্ত হয় এটি। দুর্ঘটনাস্থলের কয়েক শ মিটার দূরে ছিল সারিবদ্ধ বেশ কিছু দোকানপাটও। তাই ভাগ্যক্রমে দুর্ঘটনাটিতে বেঁচে গেছেন কয়েকজন।
ইরানের উপপরিবহনমন্ত্রী আহমাদ মজিদি জানান, টার্বোপ্রপেলরযুক্ত উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৮ জন আরোহীর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন। অগ্নিনির্বাপক বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ৩৭ জনের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। উপমন্ত্রীর বক্তব্যের আগে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরোহীদের সবাই নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
সাম্প্রতিক সময়ে ইরানের আরও কয়েকটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটার আগে কেনা উড়োজাহাজগুলো এখনো চালু রেখেছে দেশটি। গত ২৫ বছরে দেশটির ২০০-এর বেশি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি মানুষ।
ইরানে সর্বশেষ বড় ধরনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে ২০১১ সালের জানুয়ারিতে। সে সময় তুষারঝড়ের কবলে পড়ে জরুরি অবতরণ করার সময় বোয়িং ৭২৭ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন অন্তত ৭৭ জন। এরও আগে ২০০৯-এর জুলাইয়ে রুশনির্মিত একটি বিমান তেহরান থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে প্রাণ হারিয়েছিলেন ১৬৮ জন যাত্রীর সবাই।
তেহরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন অবরোধের কারণে ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা উড়োজাহাজগুলোর উন্নয়ন করার সুযোগ থেকে বহুদিন ধরেই বঞ্চিত। একই কারণে ইউরোপ থেকেও প্রয়োজনীয় খুচরা বিমান যন্ত্রাংশ বা নতুন বিমান কিনতে পারছে না দেশটি। বাধ্য হয়ে দেশটিকে রাশিয়ার বিক্রি করা বিমানের ওপর নির্ভর করতে হচ্ছে, এর অনেকগুলোই পুরোনো সোভিয়েত আমলের।