এবার তিনজনকে হত্যার কথা বললেন তিনি!
প্রেসিডেন্ট দুতার্তের নিজের হাতে অপরাধী হত্যার দাবি আক্ষরিকভাবে না নেওয়ার পরামর্শ দেওয়ার পরপরই তিনি এবার তিন ব্যক্তিকে হত্যার কথা বললেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট শুক্রবার বললেন, দাভাওয়ের মেয়র থাকার সময় ওই তিন ব্যক্তিকে হত্যা করেছিলেন তিনি।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এ কথা বলেন। শুক্রবার প্রেসিডেন্টের এ কথার মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁর মুখপাত্র হত্যাকাণ্ডে প্রেসিডেন্টের ব্যক্তিগতভাবে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘তিনি (দুতার্তে) খুনি নন। প্রেসিডেন্টের বলার ধরনই এমন।...আমরা তাঁর সব কথাকেই আক্ষরিক অর্থে নিই না।’
এর কিছু পরই বিবিসিকে দুতার্তে বলেন, ‘আমি তিনজনকে হত্যা করেছি...আমি জানি না আমার বন্দুক থেকে বেরোনো ঠিক কতটি গুলি তাদের শরীরে ঢুকেছিল। এটা ঘটেছিল এবং আমি এ ব্যাপারে মিথ্যা বলতে পারি না।’
হত্যায় দুতার্তের নিজের জড়িত থাকার বিষয়টি নিয়ে বিতর্কের সূত্রপাত হয় গত বুধবার। ওই দিন প্রেসিডেন্টের প্রাসাদে ব্যবসায়ীদের সঙ্গে এক অনুষ্ঠানে বিচারবহির্ভূত হত্যার কথা স্বীকার করে দুতার্তে বলেছিলেন, ‘এগুলো আমি ব্যক্তিগত জীবনেই করেছি। এর মাধ্যমে আমি শুধু পুলিশকে দেখাতে চেয়েছি, আমি যদি এটা করতে পারি, তোমরা পারবে না কেন?’