আফগানিস্তান পরিস্থিতি
এবার নতুন যুদ্ধের মুখে তালেবান
গমের দাম বাড়ছে হু হু করে। গ্যাসের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। নানরুটির দামও বাড়ছে। বাড়ছে তেল, মাংসসহ অন্য সবকিছুর দাম।
আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার ঘোষিত হয়নি। এরই মধ্যে কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। এর বাইরে তালেবান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে। এটাই দেশটিতে ক্ষমতার পালাবদলের পর নির্বাহী পদে প্রথম নিয়োগ। তালেবান রাজনীতির দ্বিতীয় সংস্করণ যে আগের চেয়ে কতটা সতর্ক, সেটা বোঝা যায় এই চটজলদি নিয়োগ থেকে। তালেবান নেতৃত্ব স্পষ্টভাবে বুঝেছে, যুদ্ধের ফ্রন্ট পাল্টে গেছে। কালাশনিকভ দিয়ে কিছু করার নেই আর।
দেশটিতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরশূন্য ছিল প্রায় দুই সপ্তাহ। অর্থনৈতিক প্রশাসনের অনেকেই ভয়ে পলাতক। ১৫ আগস্টের পর ব্যাংকগুলো বন্ধ থেকেছে অনেক দিন। এটিএম বুথ খালি। দেশজুড়ে নগদ অর্থের তীব্র সংকট। বিদেশ থেকে অর্থ আসার মাধ্যম ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম ইত্যাদি সংস্থাও কাজ স্থগিত করে রেখেছে। যেসব পরিবার প্রবাসীদের আয়ে চলত, তারা পড়েছে মহাবিপদে। দেশটিতে বছরে প্রায় ৮০০ মিলিয়ন ডলার আসত এভাবে। দূরের প্রদেশগুলোতে অর্থ লেনদেনের গোপন হাওয়ালা ব্যবস্থাও অনেকখানি বন্ধ। ডলারের বিপরীতে আফগান আফগানির দরও কেবল পড়ছে। যে দেশে আগে থেকে প্রায় ৭০ শতাংশ মানুষ দিনে দুই ডলারের নিচে আয় করা দরিদ্র, সেখানে এ রকম অবস্থা ড্রোন বিমান হামলার চেয়ে কম বিধ্বংসী নয়।
দেড় কোটি মানুষ খাদ্যসংকটের মুখে
কাবুলে অর্থনীতির দিকে যেসব সাংবাদিক নজর রাখেন, তাঁদের মতে জিডিপি এ বছর অন্তত ২০ ভাগ পড়ে যাবে। গত বছর সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারেও এ রকম ঘটেছে।
তালেবানের জন্য এটা বড় এক চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। বন্দুক চালিয়ে ন্যাটো সৈন্যদের তাড়ানোর চেয়ে এই অবস্থার শুশ্রূষা বেশ কঠিন। তবে দীর্ঘ ২০ বছর ছায়া সরকার চালিয়েছে তারা। দেশজুড়ে মিলিয়ন মিলিয়ন ডলার কর আদায় করেছে। অস্ত্র কিনেছে। বাহিনী পুষেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই দেশের প্রকাশ্য অর্থনীতি চালাতে চায় তালেবান এখন। হাজি ইদ্রিসকে গভর্নর করা হয়েছে সে জন্য। তালেবানের এত দিনের ছায়া সরকারের অর্থনীতি তিনিই দেখতেন। বিশ্ব গণমাধ্যম তালেবান আন্দোলনের এই মূল স্তম্ভকে সামান্যই চেনে ও জানে।
হাজি মুহাম্মদ ইদ্রিসের জন্য মূল সমস্যা হলো, দেশটিতে হঠাৎ পুরোনো বিদেশি সহায়তা বন্ধ হয়ে যাওয়া। এই শূন্যতা পূরণ করতে হবে নতুন উৎস থেকে ডলার এনে। কাতার, আরব আমিরাত ও চীনের দিকে তাকিয়ে আছেন তিনি। তবে অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের আগে তাঁর চাওয়া-পাওয়ার ব্যবধান কমবে বলে মনে হয় না। ব্যাংকগুলো খোলার পর আফগানির দর আরও পড়বে। তাতে আমদানি পণ্যের দাম বাড়বে। অনেক আমদানিকারক মুদ্রাবাজারের অস্থিতিশীলতায় পণ্য আর আপাতত আনছেন না। ফলে কাজহীন এবং কাজ হারানো মানুষদের জন্য সামনের দিনগুলোতে পরিবার নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। অনেকেরই প্রকৃত মজুরি ব্যাপকভাবে কমে গেছে ইতিমধ্যে। সরকারি কর্মচারীদের বেতন দেওয়া, যোদ্ধাদের সংসার চালানো এবং শরণার্থীদের পুনর্বাসন—এই তিন চাওয়ার সমাধান করতে হবে দ্রুত। এর মধ্যে প্রথম দুটির ব্যবস্থা না করলেই নয়। এত দিন নিজেদের প্রত্যেক যোদ্ধাকে মাসে অন্তত ১৫০ ডলার দিতেই হতো। নেতাদের সম্মানী অনিবার্যভাবে আরও বেশি।
বিশ্ব খাদ্য কর্মসূচির তরফ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আফগানিস্তানে প্রায় দেড় কোটি মানুষ খাদ্যসংকটের মুখে পড়তে যাচ্ছে। কিছু এলাকায় খরা যাচ্ছে এখন। সামনে রয়েছে তীব্র শীতের মৌসুম। বাড়তি সমস্যা হিসেবে আছে মহামারির বিস্তার।
অন্তত চারদিক থেকে নতুন ‘যুদ্ধে’র ঘোষণা
তালেবানের কঠোর নিয়ন্ত্রণে আছে কাবুল। নিরাপত্তা পরিস্থিতিও ভালো হচ্ছে ক্রমে। কিন্তু এর মধ্যেই একের পর এক খারাপ খবর আসছে। তালেবানের কাবুলে প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র আফগানদের প্রায় ১০ বিলিয়ন ডলারের সম্পদ আটকে দিয়েছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের জন্য এটা খুব সহজ এক বার্তা ছিল। তাৎক্ষণিকভাবে আইএমএফ কাবুলের জন্য ‘এসডিআর’ নামে পরিচিত ‘ঋণ নেওয়ার সক্ষমতা’ বন্ধ করে দিয়েছে, আফগানিস্তানের জন্য যা ছিল প্রায় ৪৪০ মিলিয়ন ডলারের সমান। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের আগে কেবল ভেনেজুয়েলার এসডিআর স্থগিত করেছিল আইএমএফ। ওয়াশিংটনের রাজনৈতিক চাপেই সেটা হয়।
আইএমএফের পর বিশ্বব্যাংকও বলে দিয়েছে, কাবুল আপাতত আর তাদের কাছ থেকে ঋণ পাবে না। আফগানিস্তানে কাজ-কারবারই বন্ধ করে দিয়েছে তারা। ইইউ বলেছে, তাদের জোটভুক্ত কোনো দেশ থেকে আপাতত কাবুলের দিকে কোনো সহায়তা যাবে না।
যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, আইএমএফ ও ইইউর এই চার ঘোষণা থেকে স্পষ্ট, তালেবান নতুন এক যুদ্ধাবস্থায় পড়ে গেছে।
২০২০-এর নভেম্বরে জেনেভায় অনুষ্ঠিত আফগানিস্তান সম্মেলনে ২০২১ থেকে পরবর্তী ৪ বছর দেশটিকে ১২ বিলিয়ন ডলার দেওয়ার যে অঙ্গীকার করেছিল বিভিন্ন দেশ, সেটাও আপাতত অধরাই থাকছে।
প্রথম সহায়তা ইরানের দিক থেকে!
দেশ চালানোর দুর্ভাবনায় থাকা কাবুলের তালেবানের দিকে প্রথম স্পষ্ট সহায়তার হাত বাড়িয়েছে ইরান। তালেবান শুল্ক কমানোর আশ্বাস দেওয়ামাত্র ইরান নতুন করে জ্বালানি সরবরাহ শুরু করেছে। এর অতিরিক্ত কিছু করা তেহরানের পক্ষে আপাতত সম্ভব নয়। তা ছাড়া হাজারাদের সঙ্গে পশতু তালেবানের রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত তেহরান সহায়তার হাত পুরোপুরি খুলে ধরবে বলে মনে হয় না।
পাকিস্তানের পক্ষে অনুরূপ কোনো সহায়তা তার নিজস্ব অবস্থার কারণেই কঠিন। তারা নিজেরাই আইএমএফ ও চীনের কাছে ধারদেনার ওপর আছে। তা ছাড়া আফগানিস্তান থেকে যাওয়া কয়েক লাখ নতুন শরণার্থীর ভরণপোষণের দায়িত্ব পড়েছে তাদের ওপর। তবে তালেবানের কাবুল দখলের মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে পাকিস্তানই। স্থলবেষ্টিত আফগানদের ব্যবসা–বাণিজ্য করতে হবে করাচি ও গদার বন্দর দিয়ে। চীনের সঙ্গে আফগানিস্তানের যে সীমান্ত রয়েছে, সেই ওয়াকান করিডরের প্রবেশপথ পানশির এখনো তালেবান দখল করতে না পারায় উভয় দেশের বাণিজ্য সম্পর্ক করাচি ও গদারনির্ভর হয়ে থাকবে। চীনের পণ্যঢেউও ওই পথেই আসবে, যা আফগানিস্তানের ওপর পাকিস্তানের চলমান অদৃশ্য নিয়ন্ত্রণে শক্তি জুগিয়ে যাবে।
পাকিস্তান ও ইরানের বাইরে তালেবানের জন্য অর্থনৈতিক সহায়তা পাওয়ার সম্ভাব্য বাকি উৎস থাকছে চীন, আরব আমিরাত ও কাতার। অর্থনৈতিক যুদ্ধাবস্থায় চীন ইতিমধ্যে তালেবানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তবে ঠিক কীভাবে এবং কী পরিমাণে সহায়তা তারা করতে চাইছে, সেটা স্পষ্ট নয়। কাবুলে একটা স্থিতিশীল সরকার না এলে বেইজিং অর্থকড়ি ঢালবে বলে মনে হয় না। অন্তত দুটি বিষয়ে তারা স্পষ্ট হতে চায়। প্রথমত, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে কি না এবং দ্বিতীয়ত, লগার প্রদেশের মেস ইয়াংক তামার খনিতে কাজের নিরাপত্তা পাবে কি না। তিন বিলিয়ন ডলার দামের শেষোক্ত প্রকল্পটির পেছনে ঘুরছে বেইজিং সেই ২০১৬ থেকে।
কেবল মানুষ নয়, চলে যাচ্ছে বিপুল সম্পদও
কাবুলে বিভিন্ন দেশের দূতাবাস বন্ধ হয়ে গেলেও চীনেরটা খোলা আছে। তাদের সরকারি বিভিন্ন বাণিজ্য সংস্থার প্রতিনিধিরাও কাবুলে আছেন পরিস্থিতি বোঝার জন্য। তবে তাঁদের থেকে পয়সাকড়ি নেওয়ার সময় তালেবানেরও সতর্কতা আছে। চীনের ঋণ নিয়ে বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা তাঁদের অজানা নেই। এ রকম ঋণের ফাঁদে পড়ে অনেক দেশকে চীনের হাতে নানা সম্পদ তুলে দিতে হয়েছে।
সেই বিবেচনায় কাতার তালেবানের জন্য আর্থিক সহায়তার সহজ উৎস হবে বলে মনে করা হচ্ছে। তালেবানের কাবুল দখলমাত্র দোহা হয়ে উঠেছে তাদের সঙ্গে প্রধান বৈশ্বিক মধ্যস্থতাকারী। বিস্ময়করভাবে দোহা সরকার বিশ্বসমাজ এবং তালেবান উভয়ের কাছে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পারছে। আফগানিস্তান বিষয়ে এ মুহূর্তে প্রধান নেতা বলা যায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল-তানিকে। এসব বিবেচনা থেকে মনে করা হচ্ছে কাতারের বিনিয়োগের প্রতি তালেবানের থাকবে শর্তহীন সহায়তা। এই দুই শক্তি ইতিমধ্যে পরস্পরকে ভালোভাবে জানে। কাবুল বিমানবন্দর দিয়ে দেশ ছাড়তে চাওয়াদের প্রধান ট্রানজিট এখন দোহা। এ রকম শরণার্থীদের দেখাশোনাও করছে তারা। ওয়াশিংটনের সঙ্গে আপসরফার কাজেও দোহার কূটনীতিবিদেরা তালেবানের প্রধান ভরসা।
কাতারের পাশাপাশি আফগানিস্তান বিষয়ে কৌতূহলোদ্দীপক আরেক ভূমিকায় আছে আরব আমিরাত। তারা তালেবানবিরোধীদের আশ্রয় দিয়ে ভিন্নভাবে কাবুলে প্রভাব ধরে রাখছে। আরব আমিরাতের এ রকম ভূমিকার একটি বড় কারণ অনুমান করা হয় আফগানিস্তান থেকে পাচার হওয়া সম্পদের নিরাপদ আশ্রয় হয়ে ওঠা। দুবাইয়ের বড় অনেক বিনিয়োগের উৎস আফগান এলিটদের সম্পদ। মধ্যপ্রাচ্যের অনেক মিডিয়া খবর দিচ্ছে, আফগানিস্তানে ক্ষমতার পালাবদলমাত্র দুবাইয়ের ব্যাংকে আমানত বেড়েছে এবং সেখানকার আবাসন খাত নতুন করে চাঙা হয়েছে। তবে আরব আমিরাত ভবিষ্যতের আফগানিস্তানে বিনিয়োগ করতেও আগ্রহী। আবুধাবির মুবাদালা ফান্ডের নাম শোনা যাচ্ছে এ ক্ষেত্রে।
যে কারণে ভারতকে লাগবে আফগানদের
পরিস্থিতি সামাল দিতে তালেবান যদি দোহা, দুবাই ও বেইজিং থেকে প্রত্যাশামতো সহায়তা না পায়, তাহলে হাজি মোহাম্মদ ইদ্রিসকে তাঁর পুরোনো পদ্ধতিতে ফিরে যেতে হবে। সেটা হলো পপি আবাদ থেকে কর আদায়। অতীতে ফি বছর কয়েক শ মিলিয়ন ডলার চাঁদা তুলেছে তালেবান এ খাত থেকে। এখন সরকার চালাতে তাকে সেই পুরোনো উৎসের ওপরই নির্ভর করতে হলে পাকিস্তান ও ইরানের জন্য সেটা হবে বিপদের কথা। কারণ, মাদক পাচারের গোপন পথগুলো এই দুই দেশের ভেতর দিয়েই এগিয়ে গেছে ইউরোপ-আমেরিকার অভিমুখে।
মাদক অর্থনীতির বিকল্প গড়তে তালেবানের সামনে বাধা আছে অনেক। এত দিনকার রাষ্ট্রীয় প্রশাসনটি প্রায় উধাও হয়ে আছে। তালেবান নেতৃত্ব বলে যাচ্ছে বটে, তারা পুরোনো প্রশাসনের সবাইকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তাতে কে কতটা আশ্বস্ত হচ্ছে, বোঝা মুশকিল। তা ছাড়া চরম দুর্নীতিগ্রস্ত সেই প্রশাসন দিয়ে নতুন আফগানিস্তানে কাজ চালানোও কঠিন হতো। উন্নয়ন প্রশাসনের অনেকটাই নতুন করে গড়তে হবে আফগানিস্তানে। শহুরে দক্ষ মানবসম্পদের বড় অংশও দেশান্তরি হচ্ছে ক্রমে। উপরন্তু নারীদের প্রতি তালেবানের যে নীতি, তাতে ঘরের বাইরের কর্মজগতে জনসংখ্যার প্রায় অর্ধেক নাই হয়ে যাবে। এ রকম অবস্থায় আশপাশের দেশ থেকে দক্ষ মানবসম্পদকে আফগানিস্তানে কাজ ও বিনিয়োগের জন্য জায়গা করে দেওয়ার অপরিহার্য এক বাস্তবতার মুখে পড়েছেন ২০ বছরের গেরিলাযোদ্ধারা।
তবে স্থলবন্দরগুলো ইতিমধ্যে ভালোভাবে চালু হয়ে গেছে। এ থেকে সরকারি রাজস্বের বড় এক জোগান আসবে। কিন্তু এটা প্রয়োজনের তুলনায় সামান্যই হবে। তা ছাড়া রপ্তানির এক বড় গন্তব্য হিসেবে ভারতে এ মুহূর্তে পণ্য যাচ্ছে না। গত কয়েক বছর আফগানদের রপ্তানির ৪৫ ভাগ যেত ভারতে। নতুন অর্থনৈতিক যুদ্ধে আফগানদের ভারতকেও কাছে পাওয়া খুব দরকার।
কিন্তু চট করে আঞ্চলিক রাজনীতির পুরোনো রেষারেষি বন্ধ হবে না। বরং নানান দেশের ছদ্মযুদ্ধের আঁচ থাকবে আফগানিস্তানজুড়ে। মাঠপর্যায়ে সেই উদ্বেগের তাৎক্ষণিক পরোক্ষ ফল যেটা দেখা যাচ্ছে—গমের দাম বাড়ছে হু হু করে। গ্যাসের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ফলে নিত্যদিনের নানরুটির দামও বাড়ছে। বাড়ছে তেল, মাংসসহ অন্য সবকিছুর দাম। এ অবস্থার আরেক ফল হচ্ছে বিভিন্ন সীমান্তে শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়া, যে চাপ পড়ছে ইরান, পাকিস্তান ও তুরস্কের ওপর। সুতরাং তালেবান কামান ও বন্দুকের যুদ্ধের পর বর্তমানে যে যুদ্ধের মুখে, তাতে না চাইলেও আঙ্কারা, তেহরান ও ইসলামাবাদকে শরিক থাকতে হচ্ছে। এসব দেশ কে কতজন শরণার্থী নেবে, সেটা মানবিক সংকট তীব্র হওয়ার আগে আলাপ-আলোচনার মাধ্যমে এখনই ঠিক হওয়া দরকার।
●আলতাফ পারভেজ: দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক