এবার নিমরুদে পুরাকীর্তি ধ্বংস করল আইএস
ইরাকের মসুল জাদুঘর গুঁড়িয়ে দেওয়ার ভিডিওচিত্র প্রকাশের এক সপ্তাহের কম সময়ের মধ্যে এবার নিমরুদ শহরে একই রকম অভিযান শুরু করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। খবর আল-জাজিরার।
পুরাতত্ত্ববিদ ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে গতকাল শুক্রবার বলা হয়েছে, মসুল শহরের কাছে নিমরুদে গত বৃহস্পতিবার থেকে বুলডোজার দিয়ে পুরাতাত্ত্বিক নিদর্শন গুঁড়িয়ে দেওয়া শুরু করেছে আইএস। শহরটিতে তিন হাজার বছরের পুরোনো অ্যাসিরীয় সভ্যতার নিদর্শন রয়েছে।
একজন ইরাকি কর্মকর্তা জানান, আইএস বৃহস্পতিবার দুপুর থেকে একটি বুলডোজার দিয়ে নিমরুদ প্যালেস ধ্বংস করা শুরু করেছে। অসুরনোশিরপল-২ প্যালেসের প্রবেশদ্বারে থাকা লামাসু নামে পরিচিত পাখাযুক্ত ষাঁড়ের কয়েক টনের মূর্তিটি এরই মধ্যে মাটিতে মিশিয়ে দিয়েছে তারা। মসুলের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ স্থানটিতে আর কী কী নিদর্শন ধ্বংস করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
গত সপ্তাহে আইএস প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, মসুলের নিনেভা এলাকার পুরাতাত্ত্বিক নিদর্শন স্থানে নিমরুদের ওই মূর্তির মতোই আরেকটি বিরাট আকারের মূর্তি বৈদ্যুতিক ড্রিল ও হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছেন সংগঠনটির যোদ্ধারা।
২০০২ সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী পুরাকীর্তিসমৃদ্ধ যেসব স্থান নষ্ট হয়ে যাওয়ার চরম হুমকিতে রয়েছে বলে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড তালিকা তৈরি করেছে, নিমরুদ তার একটি।
নুসরা ফ্রন্টপ্রধান নিহত: সিরিয়ায় গত বৃহস্পতিবার বিমান হামলায় জঙ্গি সংগঠন আল-নুসরা ফ্রন্টের সামরিক শাখার প্রধান আবু হোমাম আল-শামী নিহত হয়েছেন। জিহাদি সংগঠনটি সামাজিক যোগাযোগের এক মাধ্যমে বলেছে, হামলায় আল-শামীসহ আরও তিন নেতা নিহত হয়েছেন। এএফপি ও রয়টার্স।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়েছে, আল-নুসরা ফ্রন্টের প্রধান দেশটির উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে অন্য নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে সেনাবাহিনী ওই হামলা চালায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদকে উৎখাতে যুদ্ধরত খুবই শক্তিশালী সংগঠনগুলোর অন্যতম হলো নুসরা ফ্রন্ট।