এবার পাকিস্তানের সরকারকে টানল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার সঙ্গে এবার পাকিস্তান সরকারকে জড়াল ভারত। আগে ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই মোহাম্মদকে ওই হামলার জন্য দায়ী করেছিল। খবর এএফপির।
গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বলেন, ইসলামাবাদের সমর্থন ছাড়া পাকিস্তান সীমান্তবর্তী ঘাঁটিতে হামলা চালানো জঙ্গিদের পক্ষে সম্ভব হতো না। তিনি বলেন, ‘ওই হামলার পেছনে নিশ্চয় পাকিস্তানের সরকারের বাইরে শক্তিই ছিল। কিন্তু সেখানকার (পাকিস্তানের) সরকারের সমর্থন ছাড়া এ ধরনের কাজ তারা সহজে করতে পারে না।’ মনোহর বলেন, জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) অনুসন্ধান দল পাঞ্জাবের পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার ঘটনার তদন্ত করছে। তদন্তে পুরো চিত্র বের হয়ে আসবে।
গত ডিসেম্বরে পাঠানকোটে জঙ্গি হামলায় সাত ভারতীয় সেনা ও ছয় হামলাকারী নিহত হন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আকস্মিক পাকিস্তান সফরের কয়েক দিনের মাথায় ওই হামলা চালানো হয়। হামলার পর দুই দেশের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হয়ে যায়।
এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদকে দায়ী করেছিল ভারত। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জানুয়ারির মাঝামাঝিতে জয়শ-ই-মোহাম্মদ নেতা মাওলানা মাসুদ আজহারকে গ্রেপ্তার করে পাকিস্তান।